সেতুর দুই পাশে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বালিপাড়া সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি চক্র শ্রমিকদের নামে এ চাঁদা আদায় করছে। এদিকে আলোর ব্যবস্থা না থাকায় রাতে সেতুর ওপর নানা ধরনের অপরাধের ঘটনা ঘটছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে উপজেলার পশ্চিমের বেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামে ব্রহ্মপুত্র নদের ওপর বালিপাড়া সেতু তৈরি হয়। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ৪৭৭ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সেতু পাড়ি দিলেই ত্রিশাল উপজেলা। নান্দাইলের সঙ্গে ত্রিশালের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে এই সেতুর মাধ্যমে। কিন্তু চাঁদাবাজেরা সেতুর দুই পাশে যানবাহন থামিয়ে চাঁদা তুলছেন।
গত বুধবার ত্রিশালের ধলা থেকে মাছের রেণু নিয়ে নান্দাইলের চর শ্রীরামপুর গ্রামে যাচ্ছিলেন নছিমনচালক আবদুস সালাম (৪০)। তিনি সেতুতে ওঠার সময় ত্রিশাল অংশে দিয়েছেন ২০ টাকা। আবার নান্দাইল অংশে তাঁর কাছ থেকে নিয়েছে ২০ টাকা। সিএনজিচালিত অটোরিকশাচালক রতন মিয়া (২৮) বলেন, লাল রঙের রশি ধরে যানবাহন থামিয়ে এ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন যানবাহনের ১০-১২ জন চালক জানান, টাকা না দিলে খারাপ ব্যবহারের শিকার হতে হয়। তবে চাঁদা আদায়কারীদের একজন মো. শাহজাহান নিজেকে নান্দাইলের একজন জনপ্রতিনিধির লোক বলে দাবি করেন। কেন চাঁদা তুলছেন জানতে চাইলে তিনি শ্রমিকের কল্যাণ ও যানবাহনের সিরিয়াল তৈরির কথা জানান। এখানে তো স্ট্যান্ড নেই, তাহলে কেন সিরিয়াল তৈরি জানতে চাইলে শাহজাহান বলেন, ‘নান্দাইলেও তো কোনো স্ট্যান্ড নাই। সেখানে চাঁদা তুলতে পারলে আমাদের কী দোষ?’
এ ব্যাপারে জানতে চাইলে বেতাগৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবুল হোসেন সরকার বলেন, চাঁদাবাজির বিষয়টি তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করে প্রতিকার চাইবেন। তিনি আরও জানান, প্রতিদিন সেতুর দুই পাশে এক শ থেকে দেড় শ যানবাহ থেকে ছয়-সাত হাজার টাকা চাঁদা আদায় করা হয়।
ত্রিশালের বিয়ারা এলাকার ব্যবসায়ী বজলুল হক ও ট্রাকচালক আবু রায়হান বলেন, বিদ্যুতের ব্যবস্থা না থাকায় রাতে সেতুর ওপর ছিনতাই ও পথচারীদের মালামাল কেড়ে নেওয়ার ঘটনা ঘটছে।
নান্দাইল ওসি সৈয়দ আবদুল্লাহ জানান, চাঁদাবাজির শিকার হয়েছেন এমন কেউ অভিযোগ করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। সেতুর ওপর অপরাধমূলক তৎপরতার কথা তাঁর জানা নেই।