সেতুর দুই পাশে মাটি নেই
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি সেতুর দুই পাশের মাটি ধসে পড়ায় যানবাহন ওঠানামা করতে পারে না। এ কারণে উপজেলার ধানগড়া ও পাঙ্গাশী ইউনিয়নের ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রায়গঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ধানগড়া ইউনিয়নের সোনাইডাঙ্গা বিলের গ্রামসোনাই এলাকায় ধানগড়া-বৈকুণ্ঠপুর সড়কে ১৯৮০ সালে একটি সেতু নির্মাণ করা হয়। ১৯৮৮ সালের ভয়াবহ বন্যায় সেতুসহ ওই সড়কের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯০ সালে আবারও ওই স্থানে ১৫ মিটার লম্বা ও তিন মিটার চওড়া একটি সেতু নির্মাণ করে এলজিইডি। সেতু ঠিক থাকলেও নির্মাণত্রুটির কারণে এর দুই পাশের সড়ক থেকে প্রতিবছরই মাটি ধসে পড়তে থাকে। এখন আর এ সড়কে কোনো মাটি নেই। এ কারণে সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না।স্থানীয় সূত্রে জানা গেছে, ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ বাজার থেকে পাঙ্গাশী ইউনিয়নের বৈকুণ্ঠপুর পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার। সেতুর উত্তরে ধানগড়া ও দক্ষিণে পাঙ্গাশী ইউনিয়ন। সেতুটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় এলাকাবাসীর প্রায় ছয় কিলোমিটার ঘুরে পাঙ্গাশী ইউনিয়ন সদরে যাতায়াত করতে হয়।বেংনাই গ্রামের বাসিন্দা রফিক উদ্দিন বলেন, অন্তত ২০ বার সড়কের দুটি অংশ মেরামত করতে লাখ লাখ টাকা ব্যয় হয়েছে। অথচ সেতুর দুই পাশে মাটি ফেলতে আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।ধানগড়া ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান বলেন, ‘গত নির্বাচনের আগে আমার উদ্যোগে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে সেতুর দুই পাশে মাটি ফেলে চলাচলের উপযোগী করেছিলাম। গত বর্ষায় আবারও সড়কের দুই পাশের মাটি ধসে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে।’রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, জরুরি প্রয়োজনে গাড়ি নিয়ে ওই এলাকায় যাওয়া যায় না। কারণ, মাছমারা সেতুর ওপরে গাড়ি নিয়ে ওঠা যায় না।এলজিইডির রায়গঞ্জ উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সেতুটি আরও বড় করার প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে একটি বাঁক থাকায় সেতুর দুই পাশের সড়ক বারবার ধসে যাচ্ছে।উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ‘এলাকাবাসীর দুর্ভোগ কমাতে সেতুটির সম্প্রসারণ ছাড়া কোনো উপায় নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করব।’