সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের সদর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় স্থানীয় লোকজন এটি ব্যবহার করতে পারছে না l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের সদর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় স্থানীয় লোকজন এটি ব্যবহার করতে পারছে না l ছবি: প্রথম আলো

ময়মনসিংহ সদর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় খরিয়া নদীর ওপর দুই বছর আগে নির্মিত সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই। সেতুটিতে ওঠারও ব্যবস্থা নেই। এতে ওই অংশ দিয়ে চলাচল করতে গিয়ে তিনটি উপজেলার কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, খরিয়া নদীর ওপর ২০১৪ সালে হেঁটে পার হওয়ার জন্য সেতুটি নির্মাণ করা হয়। এটি নির্মাণে ব্যয় হয় প্রায় আট লাখ টাকা। সেতুটির দৈর্ঘ্য ৩০ ফুট। এটি গুচ্ছগ্রাম থেকে ফুলপুর উপজেলা সদর সংযোগ সড়কে পড়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, সেতুটির দুই দিকে বর্তমানে যে সড়ক রয়েছে, তা মূলত নদী। এখন শুকনো মৌসুম হওয়ায় সেটি হাঁটার পথ মনে হলেও বর্ষা মৌসুমে এটি পানির নিচে তলিয়ে যায়। সেতুটি বছরের কোনো সময়ই তাঁদের কাজে আসে না। পানি ভেঙে কষ্ট করে তাঁদের চলাচল করতে হয়। আর বর্ষা মৌসুমে নৌকায় করে নদী পারাপার করে মানুষ।
রামভদ্রপুর গ্রামের হাবিবুর রহমান বলেন, ‘নদী পার হওয়ার জন্য আমাদের চাওয়া ছিল একটি সেতু। কিন্তু যে সেতু হয়েছে, তা কাজে আসে না।’
এলাকাবাসী আরও জানান, ময়মনসিংহ সদর উপজেলার বৈঠামারীর চর, সিংগীমারীর চর, বোরোর চর এবং শেরপুর সদর ও নকলা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এ নদী পারাপার হন। চর এলাকায় সারা বছর প্রচুর সবজি উৎপাদিত হয়। এ সবজি ময়মনসিংহ হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। সেতুটি চলাচলের উপযোগী হলে কৃষকেরা লাভবান হতেন।
ময়মনসিংহ সদর উপজেলা প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘সম্প্রতি সেতুটি দেখে এসেছি। কেন এ রকম সেতু করা হলো, তার কারণ অনুসন্ধান করা হবে। পাশাপাশি সমস্যা সমাধানের উপায় খোঁজা হচ্ছে।’