সেতুর দুই পাশেই সড়কে গর্ত, ঝুঁকি নিয়ে চলে যান

নওগাঁর ধামইরহাট উপজেলার আত্রাই নদের ওপর নির্মিত শিমূলতলী সেতুর দুই পাশেই সংযোগ সড়কের মাটি ধসে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ধামইরহাট-আগ্রাদ্বিগুন সড়কে আত্রাই নদের ওপর নির্মিত শিমূলতলী তর্কিউদ্দিন পার্সী (রহ.) সেতুটি ২০১৩ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এটি পোরশা ও সাপাহার উপজেলা এবং ধামইরহাট উপজেলার খেলনা ও আগ্রাদ্বিগুন ইউনিয়নের মানুষের জন্য ধামইরহাট ও পাশের জয়পুরহাট জেলা শহরে যাতায়াতের প্রধান রাস্তা হয়ে ওঠে। কিন্তু গত শনিবার থেকে শুরু হওয়া ভারী বর্ষণে পানির তোড়ে সেতুর দুই পাশে কিছুটা দূরে সংযোগ সড়কের মাটি ধসে যেতে শুরু করে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, শিমূলতলী সেতুর পূর্ব এবং পশ্চিম উভয় পাশেই সংযোগ সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে গিয়ে থেমে যাচ্ছে বিভিন্ন যানবাহন। এরপর খুব সাবধানে ভাঙা অংশ পার হচ্ছে।
দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া না হলে ভারী বর্ষণে পুরো রাস্তার মাটি ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। জয়নাল, আমিন উদ্দিন, খবির উদ্দিনসহ ছয়-সাতজন স্থানীয় বাসিন্দা বলেন, সংযোগ সড়কটি জমি থেকে পাঁচ-সাত মিটার উঁচু। এত উঁচু একটি সড়ক কেবল বালু ও মাটি দিয়ে তৈরি করা হয়েছে। সড়কের ধারও বাঁধাই করা হয়নি। ফলে বর্ষা মৌসুম এলেই রাস্তার মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী হোসেন বলেন, যোগাযোগব্যবস্থা যাতে বন্ধ না হয়, সে জন্য শিগগিরই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।