সেতুর দুই পাশের রেলিং ভাঙা পাটাতনও দেবে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতুর দুই পাশের রেলিং ভাঙা। পাটাতনও দেবে গেছে। তার পরও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ ও শত শত যানবাহন ওই সেতু দিয়ে পারাপার হচ্ছে। এটি জয়পুরহাটের আক্কেলপুর-বদলগাছী সড়কের আক্কেলপুর পৌর সদরের পশ্চিম আমুট্ট বড় সেতুর চিত্র। সরেজমিনে দেখা গেছে, জয়পুরহাট জেলার শেষ সীমানায় আমুট্ট বড় সেতুর মাত্র ২০ গজ দূর থেকেই নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শুরু। আমুট্ট বড় সেতুর উভয় পাশের অর্ধেক রেলিং নেই। গোটা পাটাতনে ভাঙন সৃষ্টি হয়েছে। পূর্ব অংশের পাটাতন ভেঙে রড বের হয়ে গেছে। যানবাহন উঠলেই সেতুটি কাঁপছে। সেতু পারাপারের সময় ইজিবাইক চালক টিপু সুলতান বলেন, ‘কোনবা দিন বিরিজ ভাঙ্গে মানুষ মরবে, তকন সরকারের হুঁশ হবে।’স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশ স্বাধীনের ১০-১২ বছর আগে আক্কেলপুর-বদলগাছী সড়কের হাস্তা বিলের খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। ১৯৯০ সালের দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি প্রশস্ত ও পাকাকরণ করে। এরপর সড়কে যানবাহন চলাচলের চাপ বাড়তে থাকে। পরবর্তী সময়ে ওই সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হয়। এরপর এই সড়কটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতায় নেওয়া হয়। পৌর সদরের আমুট্ট মহল্লার বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, চার-পাঁচ বছর আগে সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে। এরপর সেতুর পাটাতন দেবে যেতে শুরু করেছে। বদলগাছী উপজেলার ঝালঘরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী বলেন, এই সেতু পারাপারের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, সেতুটি মেরামতের ব্যবস্থা নিতে সওজকে পত্র দেওয়া হয়েছে। জেলা সওজের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান বলেন, গত অর্থবছরে সেতুটি নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন নির্মাণসামগ্রীর দর খারাপ থাকায় বরাদ্দ দেয়নি। চলতি বছর আবারও সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। এই অর্থবছরেই সেতু নির্মাণের অর্থ বরাদ্দ মিলবে বলে আশা করছি।