সেতুর নিচ থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঠাকুরগাঁও জেলা শহরের সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগের একমাত্র সেতুকে ঝুঁকিতে ফেলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যন্ত্র দিয়ে টাঙ্গন নদের বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা যায়, শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ঠিক রাখতে পাউবো ঠাকুরগাঁও শহররক্ষা প্রকল্প নামে সদর উপজেলার টাঙ্গন ব্যারাজ থেকে মার্তৃগাঁও পর্যন্ত ৩০ কিলোমিটার খননের প্রস্তাব দেয়। কিন্তু সম্ভাব্যতা যাচাই কমিটি প্রথম পর্যায়ে পরীক্ষামূলক এক হাজার ১৫০ মিটার খননের সুপারিশ করে। সেই অনুযায়ী শহরের রিভারভিউ উচ্চবিদ্যালয় থেকে মুন্সিপাড়া কবরস্থান পর্যন্ত খননের কাজ ১৯ এপ্রিল শুরু হয়। শুরুতেই পাকা সেতুর নিচে এস্ককেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি খননের কাজ আরম্ভ হলে বিষয়টি সওজ বিভাগের নজরে আসলে উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন ২৩ এপ্রিল পাউবোর নির্বাহী প্রকৌশলী বরাবর পাকা সেতুর তলদেশ থেকে বালু উত্তোলন বন্ধ করতে অনুরোধ জানিয়ে একটি চিঠি দেন। ঠাকুরগাঁও পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নৈমুল হক বলেন, ‘চিঠি পেয়ে সেদিনই সেতুর নকশা চেয়ে সওজের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়। কিন্তু তারা এখন পর্যন্ত নকসা সরবরাহ করতে পারেনি। পাকা সেতুর নিরাপদ দূরত্ব বজায় রেখে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নির্দিষ্ট গভীরতা মেনেই খনন করা হচ্ছে। এতে সেতুর ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই।’গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শহরের রিভারভিউ উচ্চবিদ্যালয়ের পেছন থেকে মুন্সিপাড়া কবরস্থান পর্যন্ত টাঙ্গন নদ খননের জন্য সংশ্লিষ্ট ঠিকাদার বিভিন্ন জায়গায় ১০টি ড্রেজার যন্ত্র বসিয়ে বালু উত্তোলন করছেন। আরও দুটি যন্ত্র বসানোর প্রক্রিয়া চলছে।সেতুর নিচে ড্রেজারের মাধ্যমে নদ খননের কাজে ব্যস্ত শ্রমিক শহিদুল ইসলাম জানান, ড্রেজারের মাধ্যমে বালু তোলা হলে ২০ থেকে ২৫ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এই ড্রেজারগুলোর তলায় কমপক্ষে ১৫ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বলেন, পাউবো কিছু না জানিয়েই সেতুর তলদেশ থেকে বালু উত্তোলন শুরু করে। সেতুর ঝুঁকির কথা ভেবে বালু উত্তোলন বন্ধ রাখার অনুরোধ করা হয়। কিন্তু তারা সেই অনুরোধ উপেক্ষা করে সেতুর পাশেই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। বিষয়টি উচ্চপর্যায়ে জানানো হয়েছে।