সেতুর নিচ থেকে বালু তুলছেন আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার তুলসীগঙ্গা নদীর বটতলী সেতুর নিচ থেকে রাতের আঁধারে জেলা আওয়ামী লীগের এক নেতা দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করছেন।প্রশাসন বলছে, বেশ কয়েকবার অভিযান চালিয়ে তাঁদের ধরা যায়নি। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম মুন্সী দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। এতে জয়পুরহাট-ঢাকা মহাসড়ক ও বটতলী সেতুর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে নদী পাশের আবাদি জমি ধসে বিলীন হয়ে যেতে পারে। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নদীর পাড় ঘেঁষে আবাদি জমির নিচে গভীর থেকে বালু উত্তোলন করা হয়েছে। বালু বহনকারী ট্রাকের চাকার দাগও দেখা যায়। আসলাম মুন্সী দাবি করেন, নদীর পাড় ঘেঁষে তাঁর কিছু পতিত জমি আছে। ওখান থেকে কিছু বালু উত্তোলন করলেও ইউএনওর নিষেধের পর বন্ধ রাখা হয়েছে।পৌর মেয়র আবদুল মান্নান মোল্লা জানান, দলীয় প্রভাব খাটিয়ে বিধিবহির্ভূতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। দোষি ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।ইউএনও শাহানা আখতার জাহান জানান, অনেক চেষ্টা করে দিনে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। এখন রাতের অন্ধকারে বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টির প্রতি নজর রাখা হচ্ছে।