সেতুর নিচ থেকে যন্ত্র দিয়ে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় হুলিখালী সেতুর নিচ থেকে এক প্রভাবশালী ড্রেজার (খননযন্ত্র) দিয়ে বালু তুলছেন। এ ছাড়া সেতুর আধা কিলোমিটারের মধ্যে আরও চারটি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে সেতু ও আশপাশের প্রায় দেড় শ বাড়িঘর হুমকির মুখে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, ১৯৯৯-২০০০ অর্থবছরে সোনাডাঙ্গা ও নরদাশ ইউপির সংযোগস্থলে ফকিন্নি নদীর ওপর এই বেইলি সেতুটি নির্মাণ করা হয়। কয়েক সপ্তাহ থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সেতুর নিচ থেকে ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছেন। এ ছাড়া সেতুর আধা কিলোমিটারের মধ্যে আরও চারটি ড্রেজার দিয়ে বালু তুলছেন ব্যবসায়ীরা। এভাবে বালু তোলায় নদী-তীরবর্তী প্রায় ১৫০টি বাড়িঘর হুমকির মুখে পড়েছে। গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হুলিখালী সেতুর ৩০-৪০ গজ দূরে ড্রেজার বসিয়ে বালু তুলে নদীর ধারে একটি ফাঁকা স্থানে রাখা হচ্ছে। সেখান থেকে বালু বিক্রি করা হচ্ছে। বালু তোলায় সেতুর নিচে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যক্তিরা জানান, বালু তুলছেন দৌলতপুর গ্রামের প্রভাবশালী আবদুর রহমান। তবে তাঁর কর্মচারী কফিল উদ্দিন জানান, কয়েক সপ্তাহ ধরে বালু তোলা হচ্ছে। সেখান থেকে প্রতিদিন ৮ থেকে ১০ ট্রাক বালু বিক্রি করা হয়। বালু উত্তোলনকারী আবদুর রহমান জানান, এ জন্য কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। তাঁর মতো আরও অনেকে ড্রেজার দিয়ে বালু তুলছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। এলজিইডি বাগমারার সহকারী প্রকৌশলী প্রদীপ কুমার সিংহ জানান, সেতুর নিচ থেকে ড্রেজার দিয়ে বালু তোলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে বালু তোলার কারণে আশপাশের বাড়িঘরও হুমকির মুখে পড়েছে। স্থানীয় কুমারপুর গ্রামের বাসিন্দা মামুনুর রশিদ জানান, প্রতিবছর এভাবে বালু তোলা হয়। এবার এ প্রবণতা বেড়ে গেছে। সেতু থেকে আধা কিলোমিটারের মধ্যে আরও চারটি ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। সরেজিমিনে গিয়ে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। স্থানীয় ব্যক্তিরা জানান, দুর্গাপুরের মমতাজ উদ্দিন, কালুপাড়ার এমরান, বাঁধেরঘাটের আবদুর রহমান এভাবে বালু তুলে বিক্রি করছেন। সোনাডাঙ্গা ইউপির চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন ও নরদাশ ইউপির আবদুর রশিদ জানান, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা ঠিক হয়নি। এভাবে বালু তোলায় বাড়িঘর ও সেতুর ক্ষতি হবে। বাগমারা উপজেলা প্রকৌশলী হোসেন আলী মীর জানান, ঘটনাটি তিনি জানেন না। এ ব্যাপারে তাঁদের কিছু করার নেই। তবে উপজেলা প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। তবে বালু তোলা ঠিক নয়। দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’