সেতুর নিচ দিয়ে নৌকা চলে না

নওগাঁর বদলগাছি উপজেলার পারসোমবাড়ি ঘাট এলাকায় ছোট যমুনা নদীতে অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, সেতুর নিচ দিয়ে নদীতে নৌকা চলাচল করতে পারছে না।
সরেজমিন দেখা গেছে, সেতুটির অর্ধেক অংশের নির্মাণকাজ শেষ হয়েছে। নদীর পানি নির্মাণাধীন সেতু ছুঁই ছুঁই করছে। সেতুর নিচ দিয়ে কোনো নৌকা চলাচল করতে পারছে না।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, অন্য বছরের মতো এবারও নদীতে পানি বেড়েছে। এই পানিতেই সেতুর তলা ছুঁই ছুঁই অবস্থা। নদীর বাঁধের উচ্চতা অনুযায়ী সেতুটির আরেকটু উঁচু করলে এই সমস্যা হতো না। উপজেলার চকগোপাল গ্রামের বাসিন্দারা বলেন, অপরিকল্পিতভাবে সেতুটি নির্মাণ করা হচ্ছে। এ কারণে নদীর পানির স্বাভাবিক বৃদ্ধিতেই সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারছে না।
বালুভরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন বলেন, নদী রক্ষা বাঁধের উচ্চতার চেয়ে সেতুর উচ্চতা কম হওয়ায় সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারছে না।
বদলগাছি উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ছোট যমুনা নদীর পারসোমবাড়ি ঘাটে ১৫০ মিটার পিসি গার্ডার সেতুটি ৮ কোটি ৫ লাখ ৩৬ হাজার ৪৪৩ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। গত বছর সেতুটির নির্মাণকাজ শুরু হয়। নওগাঁর মেসার্স জে ই অ্যান্ড এম এস এইচ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এই সেতু নির্মাণের কাজ করছে।
বদলগাছি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নদীতে সব সময় এভাবে পানি থাকে না। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সেতুটির উচ্চতা আরও একটু বেশি হলে ভালো হতো।