সেতুর নিচে অবৈধ বালুর ব্যবসা বন্ধ হয়নি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সেতুর নিচে নদী দখল করে চালানো অবৈধ বালুর ব্যবসা এখনো বন্ধ হয়নি। পুলিশ জানায়, পূর্ব প্রান্তে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদী দখল করে বালু ব্যবসা করার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১ জানুয়ারি সোনারগাঁ থানায় স্থানীয় আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ নামের একটি সংগঠন হাইকোর্টে রিট পিটিশন করার পর আদালত নদী ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে নদীর ভেতরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সীমানা পিলার স্থাপনের নির্দেশ দেন। আদালতের এই নির্দেশ অনুযায়ী কাঁচপুরে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু দখলদারেরা আবারও বালু ব্যবসা চালিয়ে যাওয়ার পর হাইকোর্টে আরেকটি রিট পিটিশন করা হয়। এরপর আদালত কাঁচপুর এলাকায় তিন দিনের মধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে নদী দখলমুক্ত করার আদেশ দেন। পরে গত ১১ নভেম্বর মামলার ১৭ আসামিকে নদী দখলমুক্ত করে বালু ব্যবসা বন্ধের জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশের পরও আসামিরা নদী দখল করে বালু ব্যবসা অব্যাহত রেখেছেন। স্থানীয় লোকজন জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা চক্র করে কাঁচপুর সেতুর পূর্ব প্রান্তে সেতুর নিচে শীতলক্ষ্যা নদী দখল করে বালুর ব্যবসা শুরু করেন। বিআইডব্লিউটিএ ২ জানুয়ারি উচ্ছেদ অভিযান চালায়। এলাকাবাসী বলেন, রাজনৈতিক চাপে ‘লোক দেখানো’ এই উচ্ছেদ অভিযানের পরদিন থেকে আওয়ামী লীগের নেতারা আবারও বালুর ব্যবসা শুরু করেছেন। ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিদিন কাঁচপুর সেতুর নিচ থেকে পাঁচ থেকে সাত লাখ টাকার বালু বিক্রি করা হয়। সরেজমিনে সম্প্রতি দেখা যায়, নদী দখল করে বালুর ব্যবসা চলছে। বালুভর্তি ট্রাকের ধাক্কায় সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সেতুর নিচের বালুর ব্যবসা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘সেতুর নিচের বালুর ব্যবসা বন্ধ করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের দলের নাম ব্যবহার করে কেউ এই ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ বিআইডব্লিউটিএর দায়ের করা মামলার আসামি বাবু ওমর, সাইফুল ইসলাম ও খোকন মিয়া বলেন, নদী দখল করে বালু ব্যবসার সঙ্গে তাঁরা সরাসরি জড়িত নন। তবে তাঁদের অনুগত কিছু কর্মী এই ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের দাবি, বালু ব্যবসার ফলে নদী ও সেতুর কোনো ক্ষতি হচ্ছে না।