সেতুর নির্মাণকাজ বন্ধ, বিকল্প সড়কও বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ বরাদ্দ না হওয়ায় পীরগঞ্জ-বোঁচাগঞ্জ-দিনাজপুর সড়কের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাফানগর এলাকায় একটি খালের ওপর সেতু নির্মাণের কাজ বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। এদিকে সেতুর পাশ দিয়ে করা বিকল্প সড়কটিও মারাত্মক বেহাল হয়ে পড়েছে। ওই সড়ক দিয়ে ঝুঁকি নিয়েই চলছে ভারী যানবাহন।
তবে হালকা যানবাহন পারাপারের জন্য স্থানীয় তরুণেরা বাঁশ দিয়ে সেতু নির্মাণ করেছেন। অর্থের বিনিময়ে ওই বাঁশের সেতু দিয়ে তাঁরা হালকা যান চলাচলের ব্যবস্থা করে থাকেন।
এলাকাবাসী জানান পীরগঞ্জ, রানীশংকৈল এবং হরিপুর উপজেলার তিন সহস্রাধিক মানুষ বাসসহ বিভিন্ন যানবাহনে করে ওই সড়ক দিয়ে চলাচল করে। পাশাপাশি ট্রাকসহ বিভিন্ন ভারী মালবাহী যানও সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করে। কিন্তু ওই সেতুর কাছে ভেঙে যাওয়া বিকল্প সড়ক পার হতে গিয়ে প্রায়ই এসব যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর পাশের বিকল্প সড়ক দিয়ে চলতে গিয়ে গত দুই বছরে কমপক্ষে ১১টি দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি সরেজমিনে কথা হয় ওষুধবাহী একটি যানের চালক সোলায়মান আলীর সঙ্গে। তিনি বলেন ‘এ জায়গাটা এত খারাপ জানলে ভুল করেও এ পথে আসতাম না। এ ভাঙা জায়গা পার করতে গিয়ে ঠেলা দিতে ২০০ টাকা দিতে হলো লেবারদের।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দিনাজপুরের নির্বাহী প্রকৌশীর দপ্তর থেকে জানা গেছে, নাফানগর এলাকায় ওই খালের ওপর নির্মিত সেতুটি ২০১৩ সালের জুলাইয়ে বন্যায় ভেঙে যায়। এরপর এলজিইডি বৃহত্তর রংপুর-দিনাজপুর উন্নয়ন প্রকল্পের (জিআরডিপি) আওতায় সেনিহারী-নাফানগর এলাকায় ২০ মিটার দীর্ঘ ও ৬ মিটার চওড়া গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নেয়। এতে এক কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ করা হয়। গত বছরের শেষের দিকে দরপত্রের মাধ্যমে দিনাজপুরের ‘জেডএ-এনআই জেভি’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়।
এলজিইডির বোঁচাগঞ্জ উপসহকারী প্রকৌশলী মো. আবদুল গনি জানান, চলতি বছরের ৫ জানুয়ারি সেতু নির্মাণের কাজ শুরু হয়। চলতি বছরের ২৫ সেপ্টেম্বর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু গত এপ্রিলের শেষের দিকে পাইলিংয়ের কাজ শেষ করে ঠিকাদার কাজ বন্ধ করে দেন। এ ব্যাপারে জানতে চাইলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. আবদুল হক বলেন, ‘সেতুর জন্য এক কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ থাকলেও পাইলিংয়ের কাজ করতেই ৭০ লাখ টাকা চলে যায়। অথচ এ যাবৎ এক টাকাও বিল পাইনি। এখানে এত টাকা আটকে রেখে অন্য সাইডগুলো মার খাওয়াতে পারি না। তাই আপাতত কাজ বন্ধ রেখেছি।’
এলজিইডির দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ্বাস ওই সেতুর জন্য অর্থ বরাদ্দ না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘টাকার সমস্যা আছে। তবে ঠিকাদারের বিল পরিশোধ করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালাচ্ছি।’