সেতুর নির্মাণকাজ বন্ধ সাড়ে তিন বছর
‘ছোডকাল অইতে মাথায় বোঝা লইয়া চাড় পার অইতে অইতে এহন বুড়া অইয়া গ্যাছি। সাড়ে তিন বছর আগে যহন ব্রিজের কাম শুরু অয়, তহন মনে করছিলাম ব্রিজ দেইখ্যা মরতে পারমু। কিন্তু কাম শেষ না কইর্যা ঠিকাদার পলাইয়া গেছে।’ ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নের বেতরা খালের ওপরে হিমানন্দকাঠি সেতুর কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় আক্ষেপ করে কথাগুলো বলেন কাপড়কাঠি গ্রামের কৃষক রাজন রায় (৮৬)।ঝালকাঠি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে হিমানন্দকাঠি সেতুর দরপত্র আহ্বান করা হয়। দুই কোটি ১৬ লাখ টাকার এই কাজ পান ঠিকাদার মো. মাহফুজ খান। ২০০৮ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদার নির্ধারিত সময়ের মধ্যে ৩৬ দশমিক ৬ মিটার দীর্ঘ এবং ১০ দশমিক ২৫ মিটার প্রস্থ সেতুর কাজ শেষ না করে খালের দুই পাড়ে দুটি গাইড দেয়াল নির্মাণ করে ৯০ লাখ টাকার বিল তুলে নেন। ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সেতুর কাজ প্রায় সাড়ে তিন বছর ধরে বন্ধ রয়েছে। পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার কুড়িয়ানা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রিয়াজ আহম্মেদ বলেন, ‘কুড়িয়ানা থেকে টেম্পো ও গাড়িতে বরিশাল যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। আর ঝালকাঠির হিমানন্দকাঠি হয়ে বরিশাল যেতে সময় লাগে এক ঘণ্টা। কিন্তু হিমানন্দকাঠিতে সেতু না থাকায় আমরা এখন সরাসরি বরিশাল যেতে পারি না।’নবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ বলেন, হিমানন্দকাঠি এলাকায় লোকজনকে বাঁশের সাঁকো পার হতে হচ্ছে। অথচ সেতু নির্মাণ হলে পিরোজপুর-ঝালকাঠি-বরিশাল যোগাযোগ সহজ হতো, সময় লাগত অর্ধেক।ঝালকাঠির বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বলেন, বর্তমানে ঝালকাঠির মানুষকে ৫৬ কিলোমিটার পথ অতিক্রম করে বরিশাল হয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) যেতে হয়। অথচ হিমানন্দকাঠি সেতুটি হলে ঝালকাঠি থেকে নেছারাবাদের দূরত্ব হবে মাত্র ২৫ কিলোমিটার। সওজের নির্বাহী প্রকৌশলী মো. শাহীন সরকার বলেন, ‘সেতুর কাজ ফেলে ঠিকাদার পালিয়েছেন, এ কথা ঠিক নয়। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ঠিকাদার যতটুকু কাজ করেছেন, তার বিল দেওয়া হয়েছে। নতুন করে চার কোটি ৩৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করি আগামী এক মাসের মধ্যে নতুন দরপত্র আহ্বান করা যাবে।’