সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ত্রুটি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নির্মাণাধীন একটি সেতুর মূল কাঠামো ও উইংওয়ালের মধ্যবর্তী স্থানে বড় আকারের ফাঁক দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায় ঠিকাদার তড়িঘড়ি করে বালি ও সিমেন্ট দিয়ে ওই ফাঁক ঢেকে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১২ মে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলাপাড়া পৌর শহর ও টিয়াখালী ইউনিয়নের মধ্যবর্তী কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বাদুড়তলী খালের ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছে। সেতুর পূর্ব পাশের উইংওয়াল থেকে মূল সেতু ফাঁক হয়ে গেছে। পশ্চিম পাশের উইং দেয়ালেরও একই অবস্থা। দুই পাশের উইং ওয়াল দেবে যাওয়ায় সেতুটি দক্ষিণ দিকে কিছুটা হেলে পড়েছে। তা ছাড়া, সেতুর রেলিং ও পলেস্তারার কাজ যথাযথভাবে করা হয়নি। গত শনিবার সকালে আবার সেতু এলাকা পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সেতুর ফাঁকসহ অন্যান্য ত্রুটি সিমেন্ট-বালি দিয়ে সংস্কার এবং রেলিংসহ অন্যান্য স্থানে রং লাগানো হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের অধীনে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। গত বছরের ১০ নভেম্বর দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে সেতুর কাজ পায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গঙ্গামতি এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড। এ বছরের ১৫ জানুয়ারি সেতুর কাজ শেষ করার সময় নির্ধারিত ছিল। পরে ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নিম্নমানের সামগ্রী, নির্মাণের উপকরণগুলো পরিমাণমতো না মেশানো এবং ঠিকভাবে পিলারের পাইলিং না করাই এ সমস্যার অন্যতম কারণ। প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তারও কাজের তদারকিতে গাফিলতি ছিল। এখন ফাঁক বন্ধ করার যতই চেষ্টা করা হোক না কেন, সেতুটি টিকবে বলে মনে হয় না। কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুণ-মান বজায় রেখে কাজটি করার জন্য বলেছি, অথচ সেভাবে তাঁরা করেননি।’ ঠিকাদার মো. রুহুল আমীন বলেন, ‘মাটি নরম হওয়ায় মূলত সমস্যাটা হয়েছে। যার ফলে কিছুটা দেবে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বাড়তি ঢালাই দিয়ে তা সংস্কার করে দেওয়া হয়েছে। এখন আশা করি কোন সমস্যা হবে না।’ কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, খালের মাটি নরম হওয়ায় উইং ওয়াল দেবে যায়। এ কারণে উইং ওয়াল থেকে মূল সেতু ফাঁক হয়ে গিয়েছিল। তবে সেসব ত্রুটি সেরে দেওয়া হয়েছে। কার্যাদেশ অনুযায়ী পাইলিং করা হয়েছে ঠিকই, তবে মাটি যেভাবে নরম সে কারণে আরও ভালোভাবে পাইলিং দেওয়া গেলে এ সমস্যা হতো না।