সেতুর পাটাতন খসে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা–চিকনিকান্দি সড়কের পাকুয়া ব্রিজবাজার এলাকার বেইলি সেতুর পাটাতন খসে পড়েছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা–চিকনিকান্দি সড়কের পাকুয়া ব্রিজবাজার এলাকার বেইলি সেতুর পাটাতন খসে পড়েছে। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা-দশমিনা সড়কের ডাকুয়া ব্রিজবাজারের কাছের বেইলি সেতুটির দুটি পাটাতন (লোহার প্লেট) খসে পড়ায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে উপজেলার চিকানকান্দি, গজালিয়া, কলাগাছিয়া, বকুলবাড়িয়া ইউনিয়নসহ দশমিনা ও বাউফল উপজেলার লোকজন মালামাল নিয়ে সড়কপথে গলাচিপা উপজেলা শহরে যেতে ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় চার-পাঁচজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরেই সেতুটি নাজুক অবস্থায় ছিল। গত শুক্রবার রাতে একটি গাড়ি পার হওয়ার সময় সেতুটির উত্তর প্রান্তের দুটি পাটাতন খসে পড়ে যায়। এরপর থেকেই সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সেতুটির উত্তর পাড়ে সড়কে অনেক গাড়ি পার হওয়ার জন্য অপেক্ষা করছে। পথচারীরা বিকল্প পথে খাল পার হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, ‘ব্রিজবাজারের সেতুটির পাটাতন খসে পড়ার বিষয়টি আমরা জেনেছি। দ্রুত এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুটি অনেক পুরোনো। ওখানে নতুন একটি সেতু নির্মাণের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে শুরু হবে।’