মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর চা-বাগান এলাকার একটি বেইলি সেতুর পাটাতন খুলে একটি ট্রাক আটকে রয়েছে। এতে শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্ক স্টেশন সড়কে যানবাহন চলাচল এবং চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রমও বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।
সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকায় উপজেলার শরীফপুর ইউনিয়নবাসী দুর্ভোগ পোহাচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাতলাপুর চা-বাগান এলাকার পলকীছড়া এলাকায় ব্রিটিশ আমলে নির্মিত একটি কালভার্টের ওপর দিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন সড়কের যানবাহন চলাচল করত। কিছুদিন আগে পুরোনো ওই কালভার্টটি ভেঙে নতুন একটি কালভার্ট নির্মাণের কাজ শুরু করে সওজ। কালভার্ট নির্মাণ চলাকালীন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ওই এলাকায় ১৫ ফুট দীর্ঘ একটি বেইলি সেতু নির্মাণ করে সওজ। এই সেতুর ওপর দিয়ে পণ্যবাহী ট্রাকও চলাচল করে। প্রতিদিন গড়ে আট ট্রাক বাংলাদেশি পণ্য এই সেতুর ওপর দিয়ে ভারতে পাঠানো এবং ভারত থেকে তিন ট্রাক পণ্য বাংলাদেশে আনা হতো। এ ছাড়া শরীফপুর ইউনিয়নের ৩০ হাজার মানুষও সেতুর ওপর দিয়ে চলাচল করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর চারটার দিকে ত্রিপুরায় রপ্তানির জন্য নিয়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে যাওয়ার পথে বেইলি সেতুর ওপর ওঠে। এ সময় ট্রাকের পেছনের চারটি চাকা সেতুর একটি পাটাতন খুলে দেবে যায়। এ কারণে গতকাল ভোর চারটা থেকে এ পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এরপর থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে মঙ্গলবার আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে প্রথমে শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্ক স্টেশন সড়ক দিয়ে সরাসরি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বিকল্প পথ ব্যবহার করে শুধু অটোরিকশা চলাচল করছে।
এ বিষয়ে সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, ‘ঘটনার পর ভয়ে ট্রাকের চালক পালিয়ে গেছেন। তিনি ঘটনাস্থলে থাকলে সিমেন্ট নামিয়ে খালি ট্রাকটি উদ্ধার করে খুলে যাওয়া পাটাতনের স্থলে নতুন পাটাতন স্থাপন করা সম্ভব হতো। এসব কাজ করতে পারলে সড়ক যোগাযোগও স্বাভাবিক করা যেত। এখন সওজের লোকজন ট্রাকের সিমেন্ট নামিয়ে সেতু মেরামত করার চেষ্টা করছেন। আশা করছি, দ্রুত সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু করা সম্ভব হবে।’