নীলফামারী সদর উপজেলার টুপামারী এলাকায় যমুনেশ্বরী নদীর ওপর নির্মিত লোহার সেতুর (বেইলি ব্রিজ) পাটাতন খুলে পড়ায় তিন দিন ধরে জেলা সদরের সঙ্গে ডোমার ও ডিমলা উপজেলা এবং পাশের পঞ্চগড় জেলার সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, টুপামারী ইউনিয়নের হরতকিতলা মোড়ে যমুনেশ্বরী নদীর ওপর সেতুটির দক্ষিণ মাথায় একটি লোহার পাটাতন খুলে পড়েছে। এ ছাড়া সেতুর বিভিন্ন স্থানের পাটাতনগুলো সরে গিয়ে যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। মানুষ ও হালকা যানবাহন সাবধানে পারাপার হলেও ভারী যানবাহনগুলো প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘুরে রামগঞ্জ বাজার হয়ে চলাচল করছে।
এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাতে ইটভর্তি একটি ট্রাক পার হওয়ার সময় অতিরিক্ত ভারে সেতুর একটি পাটাতন খুলে পড়লে সেটি আটকা পড়ে। শনিবার সেখান থেকে ওই ট্রাকটি সরানো হলেও যানবাহন পারাপারের অনুপযোগী হয়ে পড়ে সেতুটি।
আটকে পড়া ট্রাকের চালক কান্দুর রহমান বলেন, ‘শুক্রবার নওগাঁ থেকে ইট নিয়ে এই পথে পঞ্চগড় যাচ্ছিলাম। রাত দুইটার দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় ওই সেতুতে ট্রাকটি ওঠানোর সঙ্গে সঙ্গে একটি প্লেট খুলে পড়লে চাকা ফেঁসে ট্রাকটি আটকা পড়ে। এ কারণে তিন দিন ধরে এখানে আটকা পড়ে আছি।’ ওই ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রাকটির প্রায় ৪০ হাজার টাকার যন্ত্রাংশ ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ওই এলাকার পলাশবাড়ি গ্রামের অনন্ত মোহন্ত বলেন, ২০১৩ সালের শেষের দিকে জামায়াত-বিএনপির আন্দোলনের নামে সহিংসতায় তিনবার প্লেট খুলে ওই সেতুটির ক্ষতিসাধন করা হয়। এরপর থেকে নড়বড়ে সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে কোনোভাবে যানবাহন পারাপার হচ্ছিল।
হরতকিতলা বাজারের ব্যবসায়ী সফিকুল ইসলাম (৩০) বলেন, নড়বড়ে ওই সেতুর ওপর দিয়ে পারাপারের সময় গত এক বছরে ছোট-বড় শতাধিক দুর্ঘটনা ঘটেছে। ওই সেতুর ওপর দিয়ে হেঁটে স্কুলে যাতায়াতের সময় অনেক শিশু আহত হয়েছে। কর্তৃপক্ষ মাঝেমধ্যে সেতুটি মেরামতের কাজ করলেও গত শুক্রবার রাত থেকে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
ঢাকা-ডোমার চলাচলকারী বাস নাবিল পরিবহনের চালক মানিক মিয়া বলেন, সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক ঝুঁকি নিয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় অপচয় হচ্ছে।
এ ব্যাপারে নীলফামারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সম্প্রতি যানবাহনের চাপ বাড়ায় গত শুক্রবার রাতে লোহার সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে যানবাহন বিকল্প পথে চলছে। দ্রুত মেরামত করে ওই পথে যানবাহন চলাচলের উপযোগী করার প্রক্রিয়া চলছে। তবে সেখানে অস্থায়ীভাবে বিকল্প আরেকটি লোহার সেতু স্থাপনের জন্য দরপত্র গ্রহণ করা হয়েছে, গত বৃহস্পতিবার দরপত্র খোলাও হয়েছে। দ্রুত কার্যাদেশ দিয়ে বিকল্প সেতুটি স্থাপন করা হবে। স্থায়ী সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।