সেতুর পাটাতন ভাঙা, ১০ গ্রামের মানুষের ভোগান্তি
ঝালকাঠির রাজাপুর উপজেলার পাড়গোপালপুর গ্রামে ইসহাকাবাদ সিনিয়র আলিম মাদ্রাসার সামনের সেতুর পাটাতন ভেঙে আশপাশের ১০ গ্রাম ও কমপক্ষে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছে। এ অবস্থা প্রায় এক বছরের। কিন্তু তার পরও জরাজীর্ণ সেতুটি মেরামতের কোনো পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ।
রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তৌহিদুল ইসলাম জানান, পাড়গোপালপুর খালের ওপর পায়ে চলার এই সেতুটি কয়েক যুগ আগে নির্মিত হয়। এটি দিয়ে মনোহরপুর, পাড়গোপালপুর, জগন্নাথপুর, বিশ্বাসবাড়িসহ অন্তত ১০ গ্রামের মানুষ যাতায়াত করে। এ ছাড়া মনোহরপুর, পাড়গোপালপুর, উত্তর মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসাসহ অন্তত আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এটি দিয়ে চলাচল করে। রাজাপুর লেবুবুনিয়া ও রাজাপুর বেকুটিয়া সড়কের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কও এটি। এক বছর আগে পাটাতন ভেঙে যায়। এ অবস্থায় মানুষগুলো বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
ইসহাকাবাদ মাদ্রাসার উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সেতুটি এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমার মাদ্রাসার ছেলেমেয়েরা তো প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। দেড় মাস আগে চতুর্থ শ্রেণীর জাহানারা, তার আগে পঞ্চম শ্রেণীর রাকিব হোসেন সেতুর ওই ভাঙা জায়গা দিয়ে খালে পড়ে যায়। পরে বহু কষ্টে তাদের উদ্ধার করা হয়। কিন্তু সেতুটি মেরামতের জন্য কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও কোনো কাজ হচ্ছে না।’
পাড়গোপালপুর গ্রামের বাসিন্দা আবদুল জলিল বলেন, এই সেতু দিয়ে রিকশাও চলে না। তাই কৃষকের ধান-পাটসহ যেকোনো পণ্য মাথায় করেই পার হতে হয়। এক বছর ধরে যা অবস্থা, তাতে সেতুটি পার হতে গেলে ভয়ে আত্মা শুকিয়ে যায়।
উপজেলা প্রকৌশলী লুৎফর রহমান বলেন, ‘আমরা ব্রিজটি পরিদর্শন করেছি। অত্যধিক ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে এটি পুনর্নির্মাণের জন্য একটি প্রকল্প নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু হবে।’