সেতুর পাটাতন ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে

বগুড়ার ধুনটের মাঠপাড়া গ্রামে গাড়ামারা খালের ওপর বেইলি সেতুর একটি পাটাতন ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে পড়েছে। ফলে ধুনট উপজেলার সঙ্গে জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানায়, বগুড়া সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অর্থায়নে ১৯৯২সালে বগুড়ার ধুনট-শেরপুর পাকা সড়কের মাঠপাড়া গ্রামের গাড়ামারা খালের ওপর একটি ৬২ মিটার দৈর্ঘ্য বেইলি সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামালবোঝাই ভারী যানবাহন চলাচল করছে। এ কারণে স্টিল টেকিং (পাটাতন) নষ্ট হওয়ায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ফলে প্রতিবছর কমপক্ষে দুবার করে পাটাতন ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বগুড়া সওজ কর্তৃপক্ষ বারবার জোড়াতালি দিয়ে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে দেন এবং ঝুঁকিপূর্ণ সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামালবোঝাই ট্রাক চলাচলে নিষেধজ্ঞা জারি করা হয়। এরপর আবারও অতিরিক্ত মালবাহী ট্রাক ও মিনিবাসের চালকেরা নিষেধজ্ঞা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করে। এ অবস্থায় আজ সকাল সাড়ে আটটার দিকে পাথরবোঝাই ইথার পরিবহন নামের একটি ট্রাক ধুনট উপজেলার দিকে আসার পথে পারাপার হওয়ার সময় সেতুটির পাটাতন ভেঙে পানিতে পড়ে যায়।
ধুনট থানার পরিদর্শক ফারুকুল ইসলাম (তদন্ত) বলেন, দুর্ঘটনা এড়াতে ভেঙে পড়া সেতুর দুই পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাকের চালক ও মালিককে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, পাথরসহ ট্রাক নিয়ে ভেঙেপড়া সেতুটি নতুন করে নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সওজের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, পাথরবোঝাইসহ ট্রাক মাঠপাড়া বেইলি সেতু ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভেঙে পড়া ওই সেতু নতুন করে আর মেরামত করা সম্ভব নয়। এখন অন্য স্থানে একটি বেইলি সেতু খোলা রয়েছে। সেখান থেকে নিয়ে এসে মাঠপাড়া খালের নতুন করে নির্মাণ করা হবে। আগামী সাত দিনের মধ্যেই সব ধরনের প্রক্রিয়া শেষ করা হবে।