সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বিছিন্ন
বগুড়ার ধুনটের জয়শিং বাগবাড়ি পাকা রাস্তার নাংলু কুশারবাড়ি বেইলি সেতুর পাটাতন ভেঙে উপজেলার উত্তরাঞ্চলের মানুষের বগুড়া জেলা শহরের সঙ্গে যোগাযোগ প্রায় এক মাস বিচ্ছিন্ন রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে বগুড়া জেলা শহরের সঙ্গে যোগাযোগের জন্য ধুনট উপজেলার জয়শিং ফেরিঘাট থেকে বাগবাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়। সে সময় ওই রাস্তায় নাংলু গ্রামের কুশারবাড়ির কাছে খালের ওপর ৩০ মিটার দৈর্ঘ্য একটি বেইলি সেতু নির্মাণ করা হয়। কিন্তু এই সেতু দিয়ে অতিরিক্ত ওজনের মালবাহী ট্রাক চলাচল করায় পাটাতন ভেঙে যায়। বিকল্প কোনো রাস্তা না থাকায় এই সেতু দিয়ে যানবাহন চলাচল অব্যাহত থাকে। প্রায় এক মাস সেতুর পাটাতন সম্পূর্ণ ভেঙে গেলে উপজেলার উত্তরাঞ্চলের সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।নাংলু গ্রামের ভটভটিচালক কাশেম আলী (৪৫) বলেন, ‘সেতুকোনা ভাঙি পড়ায় ভাড়া বহন তো দূরের থাউক, গত কদিন থাকোত ভটভটি লিয়া হাট-বাজারোত পস্তক যাবার পারিচ্ছি না। কেউ সেতু কোনার খোঁজখবরও ল্যাইনি।’ মিনিবাসের চালক সাইফুল ইসলাম জানান, এক মাস ধরে এই রাস্তা দিয়ে বাস চলাচল বন্ধ। ফলে যাত্রীদের ভ্যানে করে জেলা শহরে যাতায়াত করতে হচ্ছে। এতে তাঁদের সময় ও অর্থের অপচয় হচ্ছে। প্রায় ২০ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তায় উৎপাদিত ফসল জেলা শহরে নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন জানান, ইউনিয়নের উত্তরাঞ্চল কৃষি ও সবজিপ্রধান এলাকা। এই এলাকার ১০টি গ্রামের মানুষ তাঁদের উৎপাদিত কৃষিপণ্য এই রাস্তা দিয়ে জেলা শহরে নিয়ে যান। কিন্তু সেতুটি ভেঙে পড়ায় তাঁরা বাস কিংবা ট্রাকে মালামাল নিয়ে চলাচল করতে পারছেন না। এ কারণে তাঁরা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।বগুড়া সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল হক জানান, জয়শিং বাগবাড়ি রাস্তার বেইলি সেতু ভেঙে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে। দু-একদিনের মধ্যেই মেরামতের ব্যবস্থা করা হবে।