সেতুর পাটাতন ভেঙে সাত ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজার এলাকায় গতকাল বুধবার সকাল আটটার দিকে একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পাটাতন মেরামত করার পর বেলা তিনটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
শরীয়তপুর সওজ সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাট থেকে সদর উপজেলার আঙ্গারিয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার। এ সড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। এ পথে আটটি বেইলি সেতু রয়েছে। প্রতিটি সেতুই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে বালার বাজারের ৯৮ মিটার দীর্ঘ সেতুটি বেশি ঝুঁকিপূর্ণ। প্রায়ই সড়ক বিভাগ সেতুটির পাটাতন মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে রাখে। গত বছরের অক্টোবর মাসে ৪০ টন মালামালবোঝাই একটি ট্রাক নিয়ে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। তখন ২১ দিন ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। ১০ টনের বেশি ভারী যানবাহন ওই সেতুগুলো দিয়ে পারাপার না হওয়ার জন্য সওজ সাইনবোর্ড ঝুলিয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতুগুলো দিয়ে ভারী যানবাহন চলাচল করছে।
গতকাল সকাল আটটার দিকে সেতুটির পশ্চিম অংশ দিয়ে একটি পাটাতন ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সওজের কর্মীরা পাটাতন মেরামত করেন। বেলা তিনটা থেকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। এ সময় সেতুর দুই পাড়ে যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকা পড়ে।
শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী পার্থ দাস গুপ্ত বলেন, এ সড়কের বেইলি সেতুগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণে ১০ টনের বেশি ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধজ্ঞা আরোপ করা হয়েছে। তারপরও পণ্যবাহী গাড়িগুলো ৩০ থেকে ৪০ টন বোঝাই করে চলাচল করছে। এ কারণে মাঝেমধ্যে ওই সেতুর পাটাতন ক্ষতিগ্রস্ত হয়।