সেতুর পাটাতন ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর-বদলগাছী সড়কের আক্কেলপুর পৌর সদরের সেই আমুট্ট বড় সেতুর পাটাতন ভেঙে গেছে। গতকাল শুক্রবার সকালে সারবাহী একটি ট্রাক পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এর পর থেকে আক্কেলপুর-বদলগাছী সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, সেতুর পূর্ব প্রান্তের পাটাতন ভেঙে একটি ট্রাক সেতুর ওপর আটকে আছে। কয়েকজন শ্রমিক ট্রাকের মালামাল খালাস করছেন। ওই সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ছে। লোকজন সেতুর পাশের জমির আইল দিয়ে চলাচল করছে।দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ফারুক হোসেন বলেন, সেতুর দুই দিকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া উচিত ছিল। এটি থাকলেই ভারী যানবাহনগুলো বিকল্প পথে যেত।আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী জানান, আক্কেলপুর-বদলগাছী সড়কের আক্কেলপুর পৌরসভার অংশে অবস্থিত আমুট্ট বড় সেতুটি ঝুঁকিপূর্ণ—এ কথা অনেক আগেই সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। কিন্ত সওজ কোনো পদক্ষেপ নেয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৬৩ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল। প্রায় এক যুগ আগে সেতুর দুই পাশের রেলিং ভেঙে পড়ে। তখন থেকেই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ সেতু দিয়ে চলাচল করে আসছে। গত বছরের অক্টোবরে সেতুর পাটাতনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।এ নিয়ে গত বছরের ৩১ অক্টোবর প্রথম আলোয় ‘সেতুর দুই পাশের রেলিং ভাঙা, পাটাতন দেবে গেছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে জয়পুরহাট সওজ বিভাগ সেতুর পাটাতন ও রেলিং সংস্কার করে। অভিযোগ আছে, দায়সারা গোছের কাজ হওয়ায় কিছুদিন পর আবারও রেলিং ভেঙে পড়ে আর পাটাতনে ফাটল ধরে। এরপর সওজ আর সংস্কার করেনি।