সেতুর পাশে গর্ত
খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়ার কমলছড়ি খালের ওপর নির্মিত সেতুর এক পাশে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে ওই গর্তের পাশ দিয়ে চলাচল করছে। খাগড়াছড়ি সদর থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এই সেতুর ওপর দিয়ে ভুয়াছড়ি গুচ্ছগ্রামে যেতে হয়। সেতুর একাংশের ধারক দেয়ালের তলদেশে পানির স্রোতে মাটি সরে যাওয়ায় সড়কের পাশে ১৫ ফুটের বেশি গভীর গর্তের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, সেতুর ধারক দেয়ালের তলদেশে পানির স্রোত আঘাত হানছে। হেডম্যানপাড়ার বাসিন্দা ম্রাগ্য মারমা জানান, এ বছর বর্ষার সময় কমলছড়ি খালের প্রবল স্রোতে সেতুর ধারক দেয়ালের তলদেশের মাটি ভেসে যায়। এতে সড়কের পাশে গর্তের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ভুয়াছড়ি গুচ্ছগ্রামের দুই সাইকেল আরোহী কিছুদিন আগে ওই গর্তে পড়ে যান। এতে একজনের হাত ভেঙে গেছে। কমলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুপন চাকমা বলেন, ‘সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। তবু আমি গর্তটি ভরাট করে দেওয়ার পরিকল্পনা করছি।’