সেতুর পাশের মাটি-বালু লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এলাকায় ব্রহ্মপুত্র নদে নির্মিত খুরশিদমহল সেতুসংলগ্ন এলাকায় মাটি ও বালু লুটপাটের হিড়িক পড়েছে। প্রভাবশালী একটি চক্র সেতুর পাশ থেকে প্রতিদিন শতাধিক ট্রাক্টরে করে বালু ও মাটি কেটে নিয়ে যাচ্ছে। গত সোমবার সরেজমিনে দেখা যায়, হোসেনপুর অংশে খুরশিদমহল সেতুর পূর্ব-উত্তর পাশের এলাকা থেকে বালু ও মাটি কেটে ট্রাক্টরে করে নেওয়া হচ্ছে। ট্রাক্টরচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি ট্রাক্টর মাটি ১৫০ টাকা এবং বালু ৪০০-৪৫০ টাকা দরে নগদ পরিশোধ করে তাঁরা এগুলো তুলে নিচ্ছেন। সেতুর পাশে অস্থায়ী ঘর নির্মাণ করে প্রভাবশালীরা নিজস্ব লোক দিয়ে ট্রাক্টরচালকদের কাছ থেকে এই টাকা আদায় করছেন। ওই অস্থায়ী ঘরে গিয়ে দেখা গেছে, হোসেনপুরের চাকচুড়া গ্রামের সোহাগ মিয়া (৩৪) ও গফরগাঁওয়ের খুরশিদমহল গ্রামের আক্তার মিয়া (৫২) দায়িত্ব পালন করছেন। সোহাগ মিয়া বলেন, ‘টাকার বিনিময়ে মাটি ও বালু বিক্রি করা হচ্ছে। আজ (সোমবার) এ পর্যন্ত (দুপুর আড়াইটা) ৭০ ট্রাক্টর মাটি গেছে। আমরা শুধু ট্রাক্টর গুনে টাকা আদায় করি। দিন শেষে ৪০০ টাকা করে মজুরি পাই।’ একই কথা বললেন আক্তার মিয়াও।ব্যবসার সঙ্গে কারা জড়িত—জানতে চাইলে তাঁরা বলেন, নাম বলা যাবে না। তবে গফরগাঁওয়ের খুরশিদমহল ও হোসেনপুর এলাকার কয়েকজন মিলে এই ব্যবসা করছেন।নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে হোসেনপুর আওয়ামী লীগের একাধিক নেতা জানান, দলের একজন শীর্ষস্থানীয় নেতা এই ব্যবসায় জড়িত। তাঁর নাম বলা যাবে না। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০০১ সালে ১৫ স্প্যানবিশিষ্ট ৬৫১ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণকাজ শুরু হয়। ৩৪ কোটি টাকা ব্যয়ে ২০০৬ সালে এর নির্মাণকাজ শেষ হয়। কিন্তু ২০০৮ সালে সেতুর প্রতিরক্ষা দেয়াল ও সংযোগ সড়ক ভেঙে গেলে বাস-ট্রাক চলাচল প্রায় ২০ দিন বন্ধ ছিল। এ অবস্থায় সেতুসংলগ্ন স্পর্শকাতর এলাকা থেকে মাটি ও বালু কেটে নেওয়া হলে ভরা বর্ষায় এটি হুমকির মুখে পড়বে।কিশোরগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, ‘সেতুর জন্য অধিগ্রহণ করা জায়গা থেকে মাটি ও বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ অবশ্যই ব্যবস্থা নেবে।’ সেতু দেখভালের দায়িত্বপ্রাপ্ত সওজের উপসহকারী প্রকৌশলী মো. ইসমাইল জানান, খোঁজখবর নিয়ে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সওজের নির্বাহী প্রকৌশলী (ময়মনসিংহ) মো. জর্জিস হোসেন বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানাব। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’