সেতুর প্রবেশমুখে দোকান যান চলাচল ব্যাহত
ফরিদপুর শহরে একটি সেতুর প্রবেশমুখে তিনটি দোকানঘর থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে সেতুটি পুরোপুরি কাজে আসছে না। দোকানের কারণে সেতুটি সরু হয়ে গেছে, তাই ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করতে পারছে না।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ফরিদপুর কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার লক্ষ্মীপুর চুনাঘাটা এলাকায় কুমার নদের ওপর ওই সেতু নির্মাণ করা হয়। ১৮ ফুট প্রস্থ ও ২১০ ফুট দীর্ঘ সেতুটি গত ১১ জানুয়ারি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।গত রোববার (২৬ মে) সরেজমিনে দেখা গেছে, সেতুর দক্ষিণ পাশের প্রবেশমুখ চুনাঘাটায় একটি টিনের ঘর। এতে প্রস্থে সেতুর আট ফুট জায়গা কমে গেছে। ঘরে তিনটি দোকান রয়েছে। এর মধ্যে একজন দোকানদার নারায়ণচন্দ্র মণ্ডল জানান, ঘরের মালিক এই এলাকার দুলাল প্রামাণিক। তাঁর কাছ থেকে তাঁরা তিনজন তিনটি কক্ষ ভাড়া নিয়ে দোকান চালাচ্ছেন।অটোরিকশাচালক রহমান শেখ বলেন, সেতুতে ওঠার সময় দোকানের কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না। এতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়। ট্রাকচালক আসলাম মিয়া বলেন, ‘এই সেতু দিয়ে ট্রাক চালাতে পারলে চরমাধবদিয়া থেকে ফরিদপুর শহরে আসা সহজ হতো। কিন্তু দোকানের কারণে সেতুটি ব্যবহার না করতে পারায় আমাদের ছয় কিলোমিটার পথ ঘুরে মদনখালী দিয়ে যাওয়া-আসা করতে হয়।’দুলাল প্রামাণিক বলেন, ‘আমাদের জায়গায় সেতু করা হয়েছে। আমরা সেতু করার সময় বাধা দিয়েছি। এ ব্যাপারে আদালতে মামলা আছে।’এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আদদাদ বলেন, সেতু নির্মাণের সময় দুলাল প্রামাণিককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সে সময় তিনি রাজি হয়েও পরে পিছিয়ে যান। ওই জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব আনুমোদিত হলে ঘরটি উচ্ছেদ করা হবে।