সেতুর ফাটল ঢাকতে সিমেন্টের প্রলেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলার এ সেতুর ফাটল সিমেন্টের প্রলেপ দিয়ে ঢেকে রং করা হয়েছে l প্রথম আলো
ঠাকুরগাঁও সদর উপজেলার এ সেতুর ফাটল সিমেন্টের প্রলেপ দিয়ে ঢেকে রং করা হয়েছে l প্রথম আলো

উদ্বোধনের আগেই ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভাতগাঁও থেকে দক্ষিণ বৈকুণ্ঠপুর গ্রামের রাস্তার ওপর নির্মাণ করা একটি সেতুতে ফাটল দেখা দেয়। এ খবর জানার পর ঠিকাদারের লোকজন সিমেন্টের প্রলেপ দিয়ে সেতুর ফাটল ঢেকে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ভাতগাঁও থেকে দক্ষিণ বৈকুণ্ঠপুর গ্রামের রাস্তার ৬০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে পিআইও কার্যালয়। ৫৫ লাখ টাকা চুক্তি মূল্যে সেতুটি নির্মাণের কাজ পায় রংপুরের স্টার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন মে মাসের শেষ দিকে সেতুর কাজ শেষ করে ফেলেন। চলতি জুন মাসেই নবনির্মিত সেতুটির উদ্বোধন হওয়ার কথা। কিন্তু উদ্বোধনের আগেই সেতুটির বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। খসে পড়তে শুরু করে পলেস্তারা।

ভাতগাঁও-কান্দর গ্রামের হাবিবুর রহমান বলেন, ‘আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার বলেছি, সেতুতে ব্যবহৃত মালামাল নিম্নমানের। এ কারণে সেতুর বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।’

স্থানীয় আউলিয়াপুরের ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, ‘সেতুটি নির্মাণের সময় স্থানীয় অনেকে আমাকে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন। আমি তাৎক্ষণিক বিষয়টি পিআইও অফিসে জানিয়েছি।’

গত শনিবার সরেজমিনে দেখা গেছে, নির্মাণের পর সেতুর দুই পাশে মাটি ফেলা হয়েছে। স্থানীয় কয়েকজন বলেন, সেতুর মূল দেয়ালে ফাটল দেখা দিয়েছিল, খসে পড়েছিল পলেস্তারা। ঠিকাদারের লোকজন দু-তিন দিন আগে এসে সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটলগুলো ঢেকে দিয়ে যান। পরে তাতে রং দেওয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার কনস্ট্রাকশনের মালিক মো. শাহজাহান আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

পিআইও জাহাঙ্গীর আলম বলেন, সেতুটি ব্যবহারের উপযোগী হওয়ার আগেই লোকজন সেতুর ওপর দিয়ে যানবাহন চালানোয় এমনটি হয়েছে। ঠিকাদারকে সেতুটি সংস্কার করে দিতে বলার পর তিনি তা করে দিয়েছেন।

ইউএনও মোহাম্মদ রুহুল আমিন বলেন, অভিযোগ পেয়ে আপাতত সেতু নির্মাণের বিপরীতে বিল প্রদান বন্ধ রাখা হয়েছে।