সেতুর বারে ধাক্কা খেয়ে দুই ট্রেনযাত্রী নিহত

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে সেতুর লোহার বারের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খেয়ে ট্রেনের দুই যাত্রী নিহত হয়েছেন।আহত হয়েছেন দুজন।নিখোঁজ রয়েছে সিয়াম নামের আট বছরের এক শিশু।গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকাগামী আন্তনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেন ওই সেতু পার হওয়ার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের একজন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চান্দুরা গ্রামের অহিদ মিয়া (৩৫)। অন্যজনের পরিচয় জানা যায়নি।
রাতেই আহত দুই যুবক আখাউড়ার দক্ষিণ রাজবাড়ি এলাকার দ্বীন ইসলাম (৩০) ও কুমিল্লার বামুই গ্রামের কাউছার চৌধুরীকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১০টার দিকে শহীদ হাবিলদার আবদুল রেলওয়ে সেতু (ভৈরব সেতু) পার হচ্ছিল। এ সময় সেতুর ওপরের অংশে লোহার বারের সঙ্গে ট্রেনের ছাদে হাঁটাহাঁটি করতে থাকা কয়েকজনের ধাক্কা লাগে। পাঁচ মিনিটের মধ্যে ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয়।
যাত্রীদের কাছ থেকে খবর শুনে রেলওয়ে পুলিশ হতাহত ব্যক্তিদের ছাদ থেকে নামায়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অহিদের মৃত্যু হয়। রাতেই তাঁর লাশ স্বজনদের কাছে তুলে দেওয়া হয়। আজ সকালে স্টেশনের অদূরে মনামারা সেতুর কাছে পড়ে ছিল আরেকজনের লাশ।
ভৈরব রেলওয়ে থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, চলন্ত ট্রেনের ছাদে হাঁটাহাঁটি করার সময় এ হতাহতের ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরনে ছিল টিয়া রঙের প্যান্ট। নিখোঁজ শিশু সিয়াম নিহত অহিদ মিয়ার ভাতিজা।