সেতুর মধ্যে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর থেকে তিতাস উপজেলার মাছিমপুর সড়কের দড়িমাছিমপুর সেতুর মধ্যে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় এটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
তিতাস উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অন্তত ২৫ বছর আগে জাহাপুর-মাছিমপুর সড়কের তিতাস উপজেলার দড়িমাছিমপুর এলাকার ওই সেতু নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। মুরাদনগর উপজেলার জাহাপুর, বাখরাবাদ ও তিতাস উপজেলার কলাকান্দি এলাকার লোকজন ঢাকায় যাতায়াত করেন। দুই বছর আগে সেতুর দুই পাশে রেলিং দেওয়া হয়। ছয় মাস আগে সেতুর মাঝামাঝি গর্তের সৃষ্টি হয়। এতে সেতুর ওপর দিয়ে একসঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশা আসা-যাওয়া করতে পারছে না।
জাহাপুর গ্রামের কিরণচন্দ্র দাস বলেন, ‘আতঙ্ক নিয়ে আমরা এ পথ পাড়ি দিচ্ছি। অবিলম্বে সেতুটি মেরামত করতে হবে। অন্যথায় এটি ধসে পড়ে একেবারেই যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।’
স্থানীয় কলাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার প্রথম আলোকে বলেন, সেতুর মাঝখানের গর্ত ক্রমেই বড় হচ্ছে। দুটি সিএনজিচালিত অটোরিকশা একসঙ্গে এর ওপর দিয়ে চলাচল করতে পারছে না। যানবাহন চলাচলের সময় সেতুটি দুলতে থাকে।