সেতুর মাঝে গর্ত, বড় যান চলে না দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাউলি কেউটিল এলাকায় কংক্রিটের একটি সেতুর মাঝের পলেস্তারা খসে গিয়ে বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায় দুই মাস ধরে সড়কটি দিয়ে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) উপজেলার কাটাখালী থেকে রাজবাড়ীর খানখানাপুর জিসি সড়কের হাউলি কেউটিল এলাকায় সাত মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে। প্রায় আট-নয় মাস আগে সেতুটির মাঝখানে পলেস্তারা খসে ছোট গর্তের সৃষ্টি হয়। এরপর পর্যায়ক্রমে গর্তটি বড় আকার ধারণ করলে দুই মাস ধরে সড়কটি দিয়ে বড় ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া নিরাপত্তাদেয়ালের (রেলিং) পলেস্তারা খসে রড বের হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় কৃষক আবুল মণ্ডল ও মুঞ্জু মণ্ডল বলেন, পলেস্তারা খসে রড বের হওয়ায় সেতুর ওপর দিয়ে চলাচলের সময় সবাইকে আতঙ্কে থাকতে হয়। স্থানীয় বাসিন্দা ও ফরিদপুর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন মণ্ডল বলেন, বড় ধরনের যান না চললেও প্রাইভেট কার, মাইক্রোবাস, নছিমন, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের ছোট যান চলাচল অব্যাহত থাকায় পলেস্তারা খসে গর্তটি ক্রমান্বয়ে বড় হচ্ছে। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় কয়েকজন জানান, অনেকেই সড়কসহ সেতুর ওপর ধানের খড় শুকাতে দেন। এ কারণে গর্তটি দেখতে পান না চালকেরা। এ পর্যন্ত ওই গর্তে পড়ে মোটরসাইকেলের বেশ কয়েকজন আরোহী আহত হয়েছেন।

ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, রাজবাড়ী ও ফরিদপুর যাতায়াতের জন্য এই অঞ্চলের মানুষের সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। প্রতিদিন সড়কটি দিয়ে কয়েক শ মানুষ আসা-যাওয়া করে থাকে। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কের সেতুর মাঝে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় এবং রেলিং ভেঙে পড়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে বিপুলসংখ্যক মানুষকে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলজিইডির গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটি মেরামতের জন্য প্রায় চার লাখ টাকা প্রয়োজন। অর্থ বরাদ্দ পেলেই নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দরপত্র আহ্বান করা হবে।