সেতুর মাঝে গর্ত, ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে যদুপুর সেতুর মাঝখানে গর্ত ও এক পাশের রেলিং ভেঙে গেছে। এতে যানবাহন নিয়ে চলাচলে ১২ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, বালিয়াকান্দি-মধুখালী সড়কের যদুপুর মোড় থেকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের তেঁতুলিয়া পর্যন্ত এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন কিলোমিটার। এই রাস্তার যদুপুর খালের ওপর ১৯৭০ সালে সেতুটি নির্মাণ করা হয়।
স্থানীয় ব্যক্তিরা বলেন, রাস্তাটি দিয়ে সেতুর এক পাশে আড়কান্দি, বাজার বেতেঙ্গা, মাতকাখালী, চরগুয়াদাহ, পাটুরিয়া, বারেকগ্রাম, সর্পবেতেঙ্গা এবং অপর পাশে তেঁতুলিয়া, ভররামদিয়া, খোর্দ্দরামদিয়া, কুবদী ও পারকুল গ্রামের মানুষ যাতায়াত করে। তা ছাড়া বহরপুর ইউনিয়নসহ জেলা শহরে যাওয়ার জন্য এ এলাকার মানুষ সংযোগ সড়ক হিসেবে রাস্তাটি ব্যবহার করে। এতে করে দূরত্ব কম হওয়ায় যাতায়াতের সময় ও টাকা সাশ্রয় হয়। কিন্তু সেতুর মাঝখানে বড় গর্ত ও পূর্ব পাশের রেলিং ভেঙে যাওয়ায় মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।
যদুপুর গ্রামের জহুরা বেগম জানান, কয়েক দিন পরপর রাতে সেতুতে দুর্ঘটনা ঘটে। বেশি দুর্ঘটনায় পড়েন মোটরসাইকেলের চালকেরা।
একই গ্রামের আলী আকবর শেখ বলেন, ‘সেতুটি দিয়ে ভ্যান, ইজিবাইক চলাচলের জন্য বাড়ি থেকে তক্তা এনে পেতে দিই। এটি দ্রুত মেরামত করা দরকার।’
সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে বড় গর্ত। গর্তে শুধু রড রয়েছে। রডের ওপর খড়কুটো দিয়ে বাঁশের খুঁটিতে একটি লাল রঙের পতাকা টানা হয়েছে। সেতুর পূর্ব পাশের রেলিং ভাঙা।
বহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ চলাচল করে। কিন্তু অনেক দিন ধরে সেতুতে গর্ত হয়ে রয়েছে। উপজেলা এলজিইডি থেকে সেতুটি সংস্কারের কথা বললেও কাজ শুরু হচ্ছে না। চলাচল নির্বিঘ্ন করতে দ্রুত সেতুটি সংস্কার বা নির্মাণ করা প্রয়োজন।
উপজেলা এলজিইডির প্রকৌশলী তপন কুমার সাহা বলেন, ‘এখানে নতুন যোগ দিয়েছি। সেতুটির বেহাল অবস্থার কথা শুনেছি। তবে সংস্কারের বিষয়ে অফিসের পদক্ষেপের কথা জানি না। খোঁজখবর নিয়ে এ বিষয়ে বলতে পারব।’