সেতুর মুখে বালুর স্তূপ, মহাসড়ক হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের একটি সেতুর মুখ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাদপুরের ওই সেতুর মুখ ভরাট করায় পানি চলাচল বন্ধ হয়ে পশ্চিমাংশের বিস্তীর্ণ এলাকার জমিতে জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। ফুলজোর (করতোয়া) নদী থেকে বালু তোলায় মহাসড়কে ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলার দাদপুর গ্রামের প্রভাবশালী জিল্লুর রহমানের নেতৃত্বে একটি চক্র ফুলজোর (করতোয়া) নদী থেকে বালু তুলছে। এই বালু পড়ে নদীসংলগ্ন ঢাকা-বগুড়া মহসড়কের ৬০ মিটার লম্বা (বক্স কালভার্ট) সেতুর পূর্বাংশ বন্ধ হয়ে গেছে। অভিযোগ উঠেছে, এই ভরাট করা স্থানে একটি হাইওয়ে রেস্টুরেন্ট নির্মাণ করা হবে।রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কিছু শ্রমিক সেতুর মুখে বাঁশ পুঁতে বালু আটকে রাখার জন্য কাজ করছেন। দেশীয় খননযন্ত্র দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। সেখানে সড়ক বিভাগের জায়গায় প্রায় ৫০ বছরের পুরোনো একটি কড়ই গাছের ডাল কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, এই গাছটি কেটে রেস্টুরেন্টে ঢোকার পথ পরিষ্কার করা হবে।মহাসড়কের ৩০০ মিটার দূরে খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এর আগেও এই সড়কের কিছু অংশ নদীর মধ্যে ধসে যায়। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিসি ব্লক তৈরি করে সেখানে বসায়। কাছ থেকে বালু তোলায় গর্তের সৃষ্টি হচ্ছে।দাদপুর গ্রামের মো. আজম আলী শেখ ও স্থানীয় ব্যক্তি হাসমত আলী অভিযোগ করে বলেন, সেতুর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানিপ্রবাহ বন্ধ হয়ে গেল। সড়কসংলগ্ন নদীর পাড়ে গর্তের সৃষ্টি হওয়ায় পুনরায় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সোলায়মান আকন্দ বলেন, প্রভাবশালী হওয়ায় এই চক্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায় না। জিল্লুর রহমান জানান, তাঁর জমি স্থানীয় আসলাম নামের এক ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন। তিনিই বালু তুলে ব্যবসা করছেন। এই ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। যত দূর জানি, ইজারা নিয়ে তাঁরা বালু তুলছেন। বালুগুলো মজুদ করা হচ্ছে, বর্ষার আগেই তাঁরা সরিয়ে নেবেন।’ রেস্টুরেন্ট করার ব্যাপারে তিনি বলেন, ‘এ কথার সত্যতা নেই। এখনো আমি সিদ্ধান্ত নিইনি।’ বালু ব্যবসার সঙ্গে জড়িত দাদপুর জি আর কলেজের শিক্ষক মো. আসলাম উদ্দীন বলেন, ‘জমিটি ভাড়া নেওয়া হয়েছে। তিন বছর ধরে এটি বালুমহাল হিসেবে ইজারা দেওয়া হয়েছে। আমরা গত বছর থেকে দরপত্রের মাধ্যমে লিজ নিয়ে বালু উত্তোলন করছি। কোনো অনিয়ম করা হচ্ছে না। মজুদ এই বালু সেতুর মুখ থেকে সরিয়ে নেওয়া হবে।’ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, সেতুর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক বালু দিয়ে সেতুর মুখ ভরাট ও গাছ কর্তনকারীর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, এলাকাটি কয়েক বছর ধরে বালুমহাল হিসেবে ইজারা দেওয়া হয়েছে। ১৯ এপ্রিল পর্যন্ত বালু তোলার সময় রয়েছে। এরপর বালুমহাল বাতিল করা হবে।