সেতুর মেরামতকাজের উদ্বোধন করলেন ভিক্ষুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এনায়েতপুর-শাহজাদপুর সড়কে হুরাসাগর নদের ওপর রূপনাই বেইলি সেতুর মেরামতকাজ গতকাল রোববার উদ্বোধন করা হয়েছে। রূপবান নামের এক ভিক্ষুককে দিয়ে এলাকাবাসী এর উদ্বোধন করান।

এলাকাবাসী জানান, ১৯৮৭ সালে রূপনাই-গোপালপুর গ্রামের মাঝামাঝি স্থানে রূপনাই বাজারের পূর্ব পাশে ১৫০ ফুট লম্বা ও ১২ ফুট প্রস্থ স্টিলের বেইলি সেতু তৈরি করা হয়। কয়েক বছর পরই এটির পাটাতন ভেঙে পড়ে। ১৪-১৫ বছর ধরে সেতুটি বেহাল অবস্থা রয়েছে। সেতুটির ভেঙে যাওয়া অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে, কিন্তু সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এটি সংস্কার করেনি। সেতুর পাশেই স্থানীয় সাংসদ আবদুল মজিদ মণ্ডলের বাসা। বিষয়টি তাঁকেও জানানো হয়, কিন্তু কাজ হয়নি। অবশেষে রূপনাই গ্রামের ওয়াহিদুজ্জামান মুরাদের নেতৃত্বে এলাকাবাসী নিজেদের অর্থায়নে সেতুটির মেরামতকাজ শুরু করল।

সওজ বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, সেতু মেরামতের কাজ কারা শুরু করেছে জানা নেই। সাংসদ আবদুল মজিদ মণ্ডল বলেন, সবার সহযোগিতায় এভাবেই এগিয়ে যাবে দেশ। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, আগামী বর্ষা শেষে এখনে পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণ ও এনায়েতপুর-শাহজাদপুর সড়ক পুরোপুরি মেরামত করা হবে।