সেতুর রেলিং ভাঙা, চলাচলে ঝুঁকি
এক পাশের রেলিং ভাঙা। তার ওপর বেশ কয়েকটি স্থানে সৃষ্টি হওয়া গর্তে বসানো হয়েছে স্টিলের পাটাতন। গাড়ি উঠলেই দুলতে থাকে। এ দুরবস্থা ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার কাগজপুর সেতুর। দীর্ঘদিন সংস্কার না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন প্রতিদিন এই আরসিসি (পাকা) সেতুর ওপর দিয়ে কয়েক হাজার গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার কাগজপুর এলাকার একটি খালের ওপর ২০০১ সালে সেতুটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য ৬৫ মিটার আর প্রস্থ ৯ দশমিক ৬ মিটার। সিলেট শহর থেকে কাগজপুর এলাকার দূরত্ব ৩৪ কিলোমিটার। ২০১১-১২ অর্থবছরে সেতুটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু টাকা বরাদ্দ না দেওয়ায় সংস্কারকাজ আর করা সম্ভব হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ সেতুর ওপর দিয়ে প্রতিদিন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, ভৈরব, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক চলাচল করে। সেতুতে সৃষ্টি হওয়া গর্ত ঢাকতে বসানো স্টিলের পাটাতনের পাশ দিয়ে চলতে গিয়ে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। রেলিং ভাঙা থাকায় অনেক সময় রাতের অন্ধকারে গাড়ি উল্টে খালে পড়ে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, সেতুর পূর্ব পাশের রেলিংয়ের একাংশ ভাঙা। দুর্ঘটনা এড়াতে সেই অংশে দুটি গাছ আড়াআড়ি বেঁধে রাখা হয়েছে। সেতুর কয়েকটি স্থানে সৃষ্টি হওয়া গর্তে অস্থায়ীভাবে সওজ কর্তৃপক্ষ কয়েকটি স্ল্যাব বসিয়েছে। গাড়ি উঠলেই সেতু দুলতে থাকে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে সেতুর অবস্থা এমন নড়বড়ে হলেও এটি সংস্কার করেনি সওজ কর্তৃপক্ষ।
ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী ট্রাকচালক ইব্রাহিম হোসেন জানান, বিশেষ করে রাতের বেলায় মহাসড়ক দিয়ে পণ্যবোঝাই ট্রাক বেশি চলাচল করে। তাই দিনের চেয়ে রাতেই দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। রেলিং না থাকায় রাতের বেলা চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সওজ সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে সওজের সিলেট কার্যালয় স্থানীয়ভাবে কাগজপুর ব্রিজটি পুনঃসংস্কারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে তখন ১৫ থেকে ১৬ লাখ টাকা ব্যয়ে সেতুটির পাশে অস্থায়ীভাবে একটি বিকল্প বেইলি সেতু নির্মাণ করা হয়।
পরে টাকার অভাবে কাগজপুর মূল সেতুর কাজ শুরু না করতে পারায় বেইলি সেতুটিও কোনো কাজে আসেনি।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, কাগজপুর সেতুটি পুনঃসংস্কার করতে অন্তত দুই কোটি টাকার প্রয়োজন। সেটি স্থানীয়ভাবে সওজের পক্ষে নির্মাণ করা একেবারেই অসম্ভব। সংস্কারকাজের সময়ের কথা বিবেচনায় নিয়ে বিকল্প বেইলি সেতু নির্মাণ করা সত্ত্বেও মূল সেতুর কাজ শুরু না হওয়ায় এটি আপাতত কোনো কাজে আসছে না।