সেতুর রেলিং ভেঙে গাড়ি ধলেশ্বরীতে, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়া প্রাইভেট কারটিকে গতকাল টেনে তোলা হয় l ছবি: প্রথম
মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়া প্রাইভেট কারটিকে গতকাল টেনে তোলা হয় l ছবি: প্রথম

মুন্সিগঞ্জ সদর উপজেলায় মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে একটি প্রাইভেট কার ধলেশ্বরী নদীতে পড়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ডুবুরিদের একটি দল গাড়ি উদ্ধার করতে পারলেও জালাল উদ্দিন (২২) নামে এক তরুণ এখনো নিখোঁজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে জালাল উদ্দিন ও তাঁর কয়েকজন বন্ধু রাতে মুক্তারপুর সেতুতে ঘুরতে যান। এরপর সেতুর টোল প্লাজার সামনে চালকসহ অন্য বন্ধুদের নামিয়ে জালাল নিজেই গাড়ি নিয়ে সেতুতে উঠে পড়েন। সেতুর পশ্চিম প্রান্তের কাছাকাছি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই ঘটনাস্থলে আসে। রাতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গতকাল শনিবার সকাল আটটা থেকে উদ্ধার তৎপরতা আবার শুরু করেন ডুবুরিরা। এ সময় তাঁদের সঙ্গে যোগ দেন কোস্টগার্ডের সদস্যরা। সকাল ১০টার দিকে ধলেশ্বরী নদীর তলদেশে গাড়ির উপস্থিতি শনাক্ত হলেও জালালের কোনো সন্ধান মেলেনি। এরপর এলাকাবাসীর সহায়তায় রশি দিয়ে বেঁধে গাড়িটি টেনে তোলা হয়। গাড়ির ভেতরে দুটি মুঠোফোন পাওয়া গেছে। ডুবুরি মো. মাছুম বলেন, ঘটনার পর রাত একটা থেকে দুইটা পর্যন্ত অভিযানে নদীর প্রায় ৬০ ফুট পানির নিচে প্রথমে গাড়ির বাম্পার পাওয়া যায়। আর গতকাল সকাল ১০টার দিকে গাড়িটির সন্ধান মেলে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আসাদ বলেন, গাড়ি উদ্ধার করা হলেও নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, স্রোতের তোড়ে তিনি কোথাও ভেসে গেছেন।
পুলিশ জানায়, নিখোঁজ জালাল উদ্দিন নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার আবদুর রউফের ছেলে। রউফ নারায়ণগঞ্জের কালীবাজারে স্যানিটারি সামগ্রীর ব্যবসা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী ভূঁইয়া বলেন, ঘটনাস্থলের আশপাশে নিখোঁজ তরুণের কোনো সন্ধান পাওয়া যায় কি না, সেদিকে নজর রাখা হয়েছে।