সেতুর রেলিং ভেঙে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নবাবগঞ্জ সড়কের কেরানীগঞ্জ উপজেলার গদাবাগ এলাকায় অবস্থিত সেতুর রেলিং ভেঙে গেছে। এ অবস্থায় সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সেতুর পশ্চিম পাশের রেলিংয়ের (বেষ্টনী) অর্ধেকাংশ ভাঙা। সেতুটির ওপর দিয়ে থেমে থেমে যানবাহন চলাচল করছে।
ঢাকা-নবাবগঞ্জ পথে চলে যমুনা পরিবহনের বাস। একটি বাসের চালক ইসহাক মিয়া জানান, কয়েক বছর ধরে সেতুটির এই অবস্থা। এটির ওপর দিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে হয়। তা ছাড়া সেতুটি কম প্রশস্ত হওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হয়।
সেতুটির পাশের নেকরোজবাগ এলাকার বাসিন্দা মামুন হোসেন বলেন, সেতুটি কয়েক বছর ধরে ভাঙা অবস্থায় রয়েছে। এটি মেরামত করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঢাকার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, সেতুর এক পাশ বালুতে ভরাট হয়ে গেছে। তাই সেতুটি ভেঙে সেখানে সড়ক নির্মাণ করা হবে। আর নালার পানি সরানোর জন্য এখানে পাইপ বসানো হবে।