সেতুর রেলিং ভেঙে বাস খাদে, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা এলাকায় সেতুর রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাস খাদে পড়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ও তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন নয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার জয়নাল (৩৫) ও আবদুল হামিদ (৩০), মধুপুরের সাইফুল ইসলাম (২৫), সখীপুরের হতেয়া গ্রামের রোকন মিয়া (৩০) ও তাঁর স্ত্রী শামসুন্নাহার (২৫), সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা সদরের জাহাঙ্গীর আলম (২৯), নরসিংদী সদরের নাইম হাসান (৩৫) ও শেখের চরের মাহবুব (৩৫) এবং জামালপুরের সরিষাবাড়ীর টিক্কাপাড়া গ্রামের ফরহাদ (৪৫)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ধনবাড়ি থেকে ঢাকাগামী একটি বাস আছিমতলা সেতুর ওপর মাটিবোঝাই একটি ট্রাককে পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতুর রেলিং ভেঙে প্রায় ২৫ ফুট নিচে খাদে পড়ে যায়। চিৎকারে শুনে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ, গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ও মির্জাপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজে অংশ নেন।
দুর্ঘটনায় আহত ঢাকার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমরুল ইকবাল বলেন, মাটিবোঝাই একটি ট্রাককে পাশ কাটানোর সময় বাসটি দুর্ঘটনায় পড়ে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, বাসচালক ও তাঁর সহকারীরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।