সেতুর রেলিং ভেঙে বাস খালে, প্রাণ গেল নয়জনের

মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় সেতুর রেলিং ভেঙে খালে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত হয়েছেন বাসের ৯ জন। আহত হন প্রায় ৪৫ জন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ঝালকাঠির রাজাপুর গ্রামের মিজানুর রহমান (৪০) ও সুজন ফকির (২৮), বরিশালের উজিরপুরের নারকোলি গ্রামের হিরালাল বাড়ৈ (৬০), বরিশালের নতুনবাজারের আলী হোসেন (৫২), ঢাকার যাত্রাবাড়ীর টিটু মিয়া (৩৫) ও ঝালকাঠির তারাবোলিয়া গ্রামের সুফিয়া বেগম। নিহত মিজানুর বাসের চালক, আলী হোসেন বাসের সুপারভাইজার আর টিটু চালকের সহকারী ছিলেন। নিহত অপর তিনজনের মধ্যে দুজন নারী।
আহত কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের উদ্দেশে সুগন্ধা পরিবহনের ওই বাসটি সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে যাত্রা করে। মাদারীপুরের টেকেরহাট স্ট্যান্ডে পৌঁছার পর বাসটিতে আসনের অতিরিক্ত বেশ কয়েকজন যাত্রী ওঠেন। বেলা আড়াইটার দিকে সদর উপজেলার সমাদ্দার এলাকায় সেতুতে পৌঁছার পর বাসটির সামনের চাকা ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে বাসটি খালে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে মাদারীপুর সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারকাজে অংশ নেন। ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। চারজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রী মেহেদী হাসান বলেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল।
মাদারীপুরের পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, নিহত ছয়জনের পরিচয় মিলেছে। শনাক্ত করা লাশগুলো সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।