সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, নিহত এক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুরা এলাকায় সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস তিতাস নদীতে পড়ে গেছে। আজ রোববার রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিতে কতজন যাত্রী ছিল, তা জানা যায়নি। তাত্ক্ষণিকভাবে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা অনেক বেশি হতে পারে। সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক জয়নাল আবেদীন প্রথম আলো ডটকমকে বলেন, তাঁদের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘটনাস্থলের প্রথম আলো ডটকমকে বলেন, যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। সেতুতে ওঠার পর বিপরীত দিকে থেকে আসা ট্রলির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রথম আলো ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে।