সেতুর সংযোগ সড়কে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সেতুর দুই পাশের সংযোগ সড়কে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকানোর উদ্যোগ না নিলে যেকোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকার কয়েকজন বাসিন্দা এবং সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, ধরমপাশা-মধ্যনগর সড়কের সুনই নদের ওপর নির্মিত সুনই সেতুটি ২০১৩ সালে নির্মাণ করা হয়। ওই সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, লেগুনা, অটোরিকশা, ঠেলাগাড়ি, ভটভটি, মোটরসাইকেলসহ দুই শতাধিক যানবাহন চলাচল করে। দুই মাস ধরে সেতুটির দুই পাশের সংযোগ সড়কের নানা স্থানে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া সড়কের কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক দিয়ে লোকজনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
গত ২৭ জুলাই বেলা সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, সুনই সেতুটির দুই পাশের সংযোগ সড়ক নদীতে বিলীন হচ্ছে। সড়কে ছয়-সাতটি বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এ সময় পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দী গ্রামের বাসিন্দা মন্তাজ মিয়া বলেন, ‘বিরিজ লাগাইল সড়কটার (সেতুসংলগ্ন সড়ক) কামডা ভালা কইর্যাই করা অয় নাই। জোড়াতালি দিয়া কামডা কুনু রহমে করা অইছে। হেইডার লাইগ্যা মেঘের (বৃষ্টির) পানির ডাক্কাতেই সড়কটার ভাইংগা যাইতাছে। এইডা দেহনের কেউ নাই।’
রিকশাচালক আলী নূর খান বলেন, ‘এই বিরিজডার ওফুর দিয়া যাইবার লাইগ্যা সড়কটাত আইলেই বুকডা ধড়ফড় কইর্যাড় উডে। একটু উনিশ-বিশ অইলেই অ্যাকসিডেন্ট অইব। সড়কটা তাড়াতাড়ি ঠিক করন দরহার।’
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসাহিদ তালুকদার বলেন, ‘সপ্তাহের অধিকাংশ দিনই আমাকে এ পথে উপজেলা সদরে যেতে হয়। ওই সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। দ্রুত এই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সেতুটি ঝুঁকির মুখে পড়বে।’
সওজের সুনামগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সজীব আহমেদ বলেন, জেলা সদর থেকে ধরমপাশার যোগাযোগ ভালো নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত আদেশের পরিপ্রেক্ষিতে ধরমপাশা সওজের যাবতীয় কার্যক্রম এখন থেকে নেত্রকোনা সওজ বিভাগ দেখাশোনা করবে।
সওজের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোমাসুদ খান বলেন, সুনই সেতুর সংযোগ সড়কের অবস্থা খুবই নাজুক। শিগগিরই তা মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।