সেতুর সংযোগ সড়ক নির্মাণে বালু দিয়ে জায়গা ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর গ্রামে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত সেতু ব্যবহার করতে দুই পাশে সংযোগ সড়ক করার জন্য বালু ফেলা হয়েছে l ছবি: প্রথম আলো
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর গ্রামে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত সেতু ব্যবহার করতে দুই পাশে সংযোগ সড়ক করার জন্য বালু ফেলা হয়েছে l ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর গ্রামে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক নির্মাণের জন্য বালু ফেলে জায়গা ভরাট করা হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, বৃষ্টি হলে এ বালু সরে যাবে। এখন বালুর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে ৩২ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু ওই এলাকায় নদীটি অন্তত ১০০ ফুট প্রশস্ত। প্রায় দুই মাস আগে সেতুটির নির্মাণ শেষ হয়। নির্মাণ শেষে এটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু দুই দিকের সংযোগ সড়ক না থাকায় স্থানীয় লোকজন মই ব্যবহার করে সেতুতে ওঠানামা করত। এতে প্রতিদিন স্কুলের শিক্ষার্থীসহ হাজারো মানুষ ভোগান্তিতে পড়ে। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর তিন সপ্তাহ ধরে সেতুটি ব্যবহারের উপযোগী করতে দুই পাশে বালু দিয়ে নদী ভরাট করে তৈরি করা হচ্ছে সংযোগ সড়ক।
গত বুধবার জানতে চাইলে চর নিয়ামতপুর গ্রামের বাসিন্দা দেওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বালু দিয়ে নদী ভরাট করে যে সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে, তা সামান্য বৃষ্টি হলেই ধসে পড়বে।
সরেজমিনে দেখায় যায়, বালু দিয়ে নদীর ভরাটের কাজ চলায় রামভদ্রপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন গ্রামের নারী ও শিশুরা বালুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এলাকাবাসী জানান, সেতু দিয়ে ফুলপুর উপজেলার চরাঞ্চলের বৈঠামালীর চর, সিংহামারী, রামভদ্রপুর গ্রাম ছাড়াও ময়মনসিংহ সদর, শেরপুর জেলার নকলা উপজেলার কয়েকটি গ্রামের মানুষ চলাচল করে। ওই এলাকায় শীতকালীন সবজির ফলন ভালো। সেতুটি যান চলাচলের উপযোগী হলে সবজি পরিবহন করা অনেক সহজ হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মু. জাকির হোসেন বলেন, স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ৪০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়েছিল। বালু দিয়ে সংযোগ সড়ক ভরাটের কাজ সাময়িক। চলতি অর্থবছরেই সেতুটি সম্প্রসারণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।