সেতুর সংযোগ সড়ক নেই, জনদুর্ভোগ

বগুড়ার ধুনটে কালেরপাড়া-কাদাই গ্রামের সোনাকান্দা বিলের ওপর ২০ বছর আগে সেতু নির্মাণ করা হয়। কিন্তু এর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ ও রাস্তা উঁচু না করায় সেতুর ওপর যানবাহন চলাচল করতে পারছে না।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে এ সমস্যা সমাধানের জন্য দাবি করেও কোনো কাজ হচ্ছে না। ফলে তাদের দুর্ভোগ কমছে না।
কালেরপাড়া ও কাদাই গ্রামের ১৫ জনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার কালেরপাড়া গ্রামের পশ্চিম দিকের পাকা রাস্তা থেকে কাদাই গ্রামের পূর্ব পাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মেঠোপথ। এই পথের মাঝামাঝি স্থানে সোনাকান্দা বিলের অবস্থান। আগে সোনাকান্দা বিল পারাপারের জন্য কোনো ব্যবস্থা ছিল না। তাই এই পথে নানা পেশাজীবী মানুষকে যোগাযোগের জন্য চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয় লোকজনকে দাবির কারণে ১৯৯৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সেখানে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতু নির্মাণ করা হলেও সেতুর দুই পাশের রাস্তা উঁচু করা এবং সংযোগ সড়কের ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। ফলে বিলের ওপর সেতু হলেও এত বছরেও লোকজনের ভোগান্তি কমেনি।
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়ক নেই। ঢালু পথ বেয়ে সেতুর ওপর দিয়ে মানুষ কষ্টে যাতায়াত করছেন। হেঁটে যাতায়াত করা গেলেও যানবাহন চলাচল করা মোটেই সম্ভব না।
কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, দুই গ্রামের মানুষের যোগাযোগের সুবিধার্থে সোনাকান্দা বিল পারাপারে সেতুটি নির্মাণ করা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তা উঁচু করা কিংবা সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের জন্য কোনো অর্থ বরাদ্দ নেই। এ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, ওই রাস্তা উন্নয়নের জন্য কয়েকবার বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় রাস্তার উন্নয়ন করা সম্ভব হয়নি। তবে রাস্তার উন্নয়নকাজের বরাদ্দের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘সোনাকান্দা বিলের সেতু সমস্যার বিষয়ে আমার জানা নেই। তবে এ ধরনের সমস্যা থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংযোগ সড়কের ব্যবস্থা করা হবে।’