সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া সেতুর এক পাশের সংযোগ সড়ক গতকাল শুক্রবার ধসে পড়েছে। এতে সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে আশপাশের ২০ গ্রামের কয়েক হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার প্রধান সড়ক উদ্ধবগঞ্জ বাজার থেকে পানাম মুন্সীরাইল বাজার পর্যন্ত সড়কের লাহাপাড়া সেতুর দক্ষিণ পাশের গার্ডার (সুরক্ষা প্রাচীর) ও সেতুতে ওঠার সংযোগ সড়ক গতকাল দুপুরে বৃষ্টির সময় ধসে পড়ে। ফলে দুপুর থেকে এ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পৌরসভার প্রধান এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পৌরসভার লাহাপাড়া, ষোলপাড়া, বালুয়া দিঘীরপাড়, নোয়াইল, রাইজদিয়া, দরপত, ফতেকান্দি, আদমপুর ও পাশের সনমান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামসহ ২০ গ্রামের মানুষ বিপাকে পড়েছে।
এ সড়ক দিয়ে চলাচলকারী অটোরিকশার চালক আবদুল্লাহ মিয়া বলেন, সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ বেড়েছে। কমছে তাঁদের (যানবাহন চালক) রোজগার।
পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, এ সেতুটি পৌরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেতুটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এ ঘটনা ঘটেছে। যানবাহন চলাচলের জন্য দ্রুত সংযোগ সড়ক মেরামতসহ বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।