সেতুর সংযোগ সড়কে ধস যানবাহন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর-শিবচর সড়কের কীর্তিনাশা নদীর রাজগঞ্জ এলাকায় ভাঙনে সেতুর সংযোগ সড়কের মাটি ধসে পড়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
শরীয়তপুর-শিবচর সড়কের কীর্তিনাশা নদীর রাজগঞ্জ এলাকায় ভাঙনে সেতুর সংযোগ সড়কের মাটি ধসে পড়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

শরীয়তপুর-শিবচর সড়কের কীর্তিনাশা নদীর রাজগঞ্জ এলাকায় একটি সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। নদীভাঙনের কারণে গত মঙ্গলবার ওই স্থানের মাটিতে ধস সৃষ্টি হয়েছে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শরীয়তপুর কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শরীয়তপুর-শিবচর সড়কের কীর্তিনাশা নদীর ওপর সেতুটি দিয়ে দুই উপজেলার ১৫টি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। ওই এলাকা দিয়ে কীর্তিনাশা নদীতে স্রোত থাকায় গত বছরের আগস্টের শেষ সপ্তাহে ১০৫ মিটার দীর্ঘ সেতুর পশ্চিম প্রান্তের সংযোগ সড়কের ২০ মিটার অংশের মাটি ধসে যায়। তখন দুই মাস যানবাহন চলাচল বন্ধ থাকে। এলজিইডি তখন ওই স্থানে কোনো সংস্কারকাজ করেনি। স্থানীয় তুলাসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ ফকির ওই স্থানে পাইলিং করে মাটি ও ইট দিয়ে ভরাট করে দেন। তখন থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে আবার নদীর স্রোত ও বৃষ্টিতে ওই স্থানের মাটি ধসে যায়। মঙ্গলবার থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শরীয়তপুর-শিবচর সড়কের পিকআপ ভ্যানচালক জয়নাল আবেদীন বলেন, ‘শিবচরের বিভিন্ন হাটবাজার থেকে শরীয়তপুরে সবজি ও কৃষিপণ্য আনা-নেওয়া করি। ওই সেতুর ওপর দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। মাটি ধসে যাওয়ায় সেতুটিতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ১৫ কিলোমিটার সড়ক ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার সেতুটি পরিদর্শনে আসেন এলজিইডির আরবান ম্যানেজমেন্ট সাপোর্ট ইউনিটের উপপরিচালক নারায়ণ চন্দ্র সরকার। তিনি বলেন, ‘হালকা যানবাহন ও মানুষের চলাচলের জন্য ওই স্থানে একটি কাঠের সেতু নির্মাণ করা হবে।’

ইউপির চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, ‘এই সড়কটি অনেক ব্যস্ত। ১৫টি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে সেতুটির এক প্রান্তের সংযোগ সড়ক ধসে পড়ল। এক বছরেও তারা সেতুটি স্বাভাবিক করার চেষ্টা করল না।’

শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, নদীর ভাঙন রোধ করার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের। অনেক বলার পর গত বছর তারা ওই এলাকা দিয়ে কিছু কাজ করেছে, কিন্তু সেতুটি ঝুঁকিমুক্ত রাখার জন্য তা পর্যাপ্ত ছিল না।