সেতুর সঙ্গে ধাক্কা লেগে চার দিন ধরে ডুবে আছে বাল্কহেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে সুরমা নদীর ওপর শাহজালাল তৃতীয় সেতুর খুঁটিতে ধাক্কা লেগে ডুবে যাওয়া বাল্কহেড। গত রোববার সকাল থেকে নৌযানটিকে এভাবে দেখা গেলেও এটি উদ্ধারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ ক​ারণে সেতুর নিচ দিয়ে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে l ছবি: প্রথম আলো
সিলেটে সুরমা নদীর ওপর শাহজালাল তৃতীয় সেতুর খুঁটিতে ধাক্কা লেগে ডুবে যাওয়া বাল্কহেড। গত রোববার সকাল থেকে নৌযানটিকে এভাবে দেখা গেলেও এটি উদ্ধারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এ ক​ারণে সেতুর নিচ দিয়ে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে l ছবি: প্রথম আলো

সিলেটে সুরমা নদীর ওপর তৃতীয় শাহজালাল সেতুর সঙ্গে ধাক্কা লেগে ডুবে আছে একটি বাল্কহেড (বালু, পাথরবাহী ইঞ্জিনচালিত নৌযান)। গত রোববার সকাল থেকে স্থানীয় লোকজন ডুবন্ত বাল্কহেডটিকে সেতুর মধ্যবর্তী একটি খুঁটির সঙ্গে লেগে থাকতে দেখে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এ ব্যাপারে কিছুই জানে না।
ঘটনার চার দিন হয়ে গেলেও গতকাল বুধবার এ ব্যাপারে যোগাযোগ করলে সওজের প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়, ঘটনাটি কেউ জানায়নি। তাই বিষয়টি তাদের অজানা।
সুরমার ওপর শাহজালাল সেতু ঘিরে নির্মিত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ বাইপাস সড়ক। যাত্রীবাহী যানবাহন ছাড়াও এ সেতু দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে পাথর ও বালুবাহী ট্রাক পারাপার হয়। সেতুর নিচ দিয়ে চলাচল করে বাল্কহেডসহ ছোট-বড় নৌযান।
সরেজমিনে দেখা গেছে, বাল্কহেডটি কাত হয়ে পানিতে ডুবে আছে। নৌযানটির এক পাশ পানির ওপর দৃশ্যমান। সেতুর পাশের এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রোববার সকালেই এটিকে এভাবে দেখে তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, শনিবার রাতে বাল্কহেডটি সেতু এলাকা পার হতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
গতকাল দুপুরে সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, সুরমা নদী দিয়ে চলাচলকারী নৌযানগুলো ডুবন্ত বাল্কহেডের পাশ দিয়ে চলতে পারছে না। রোববার সকাল থেকে এটিকে ওইভাবে দেখে স্থানীয় লোকজন পরদিন সোমবার কাছাকাছি গিয়ে দেখে এসেছেন। এমনি একজন প্রথম আলোকে বলেন, সেতুর যে খুঁটির সঙ্গে বাল্কহেডটির ধাক্কা লেগেছে, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয়েছে। কিন্তু পানির নিচে থাকায় বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করা যাচ্ছে না। আবার নদীতে স্রোত থাকায় আটকে থাকা বাল্কহেড সরানোও যাচ্ছে না।
কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা এক ট্রাকচালক জানান, ঘটনাটি সোমবার দিন সড়ক ও জনপথ বিভাগকে জানানো হলেও অপসারণ তো দূরের কথা, সওজের কেউ দেখতেও যায়নি।
যোগাযোগ করলে সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাটি কেউ সওজকে জানায়নি। তাই এ বিষয়ে তিনি কিছু জানেন না। তাহলে এটি কি এভাবেই থাকবে—এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এখন গিয়ে দেখব, এতে সেতুর যদি কোনো ক্ষতি হয়, তাহলে ব্যবস্থা নেব।’