
প্রবল বর্ষণে দেড় মাস আগে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার আবদুল্লাপুর এলাকার সড়কভাঙনী সেতু-সংলগ্ন সড়কের মাটি ধসে পড়ে। বৃষ্টিপাত ও যানবাহন চলাচলের কারণে সেতুটির পাশ থেকে ক্রমেই মাটি ভেঙে যাচ্ছে। ফলে সিলেট-বিয়ানীবাজার সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
৪ জুন সরেজমিনে দেখা যায়, সেতুর দক্ষিণ পাশে সড়কের পাঁচ-ছয় ফুট মাটি পিচসহ ধসে পড়েছে। এতে দুটি যাত্রীবাহী বাস অথবা অন্য কোনো যানবাহন বিপরীতমুখী হয়ে যাতায়াত করতে পারছে না। দুর্ঘটনা এড়াতে সড়কের ওপর ছোট লাল পতাকা টাঙানো হয়েছে। গাড়ির চাকার চাপে সড়কটির মাটি ভেঙে খালে পড়ছে। গতকাল রোববারও সড়কটি একই অবস্থায় ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলার সুপাতলা গ্রামের বাসিন্দা মাছুম আহমদ বলেন, জেলা শহর কিংবা ঢাকা যাওয়ার জন্য এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু এটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিন্দুমাত্র আগ্রহও দেখা যাচ্ছে না।
কয়েকটি বাস ও অটোরিকশার চালক জানান, অব্যাহত ভাঙনের কারণে এখানে সড়ক দিন দিন সংকুচিত হচ্ছে। তাই ঝুঁকি নিয়ে স্থানটি পার হতে হয়। একটু এদিক-সেদিক হলেই দুর্ঘটনার শিকার হতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অধীনে থাকা উপজেলা সদরের সঙ্গে জেলা শহরের সংযোগ স্থাপনকারী এ সড়ক ভাঙাচোরা। এ কারণে প্রায় দুই লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রবল বর্ষণে সিলেট-বিয়ানীবাজারের বৈরাগীবাজার এলাকায় সেতুসংলগ্ন সড়ক ধসে যাওয়ার বিষয়টি জানা ছিল না। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে শিগগিরই সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।’ তিনি জানান, সিলেট-বিয়ানীবাজার সড়ক প্রায় ১৮ ফুট প্রশস্ত এবং সেতুর ওপরে সড়ক প্রায় ১৬ ফুট প্রশস্ত।