সেদিন কেউ এগিয়ে এলে হয়তো আজ সাহায্য লাগত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কতজনের হাতে-পায়ে ধরলাম, একটু ধইরে হাসপাতালে নিতি কলাম। চারদিকে শত শত মানুষ ঘিরে ধইরে রইছে। কিন্তু কেউ তারে ধরতে আসে না।’এই আক্ষেপ ৬ এপ্রিল মিরপুর ২ নম্বরে ছিনতাইকারীদের গুলিতে প্রাণ হারানো হযরত আলীর স্ত্রী সালমা সুলতানার। স্রেফ ইট হাতে অস্ত্রধারী ছিনতাইকারীদের ঠেকানোর চেষ্টা করে প্রাণ দিতে হয়েছে হযরতকে।এখন রাইনখোলা এলাকার বহু মানুষ চেনে হযরতের বাড়ি যাওয়ার পথ। তাদের কাছে হযরত ‘প্রকৃত বীর’। তাঁর স্বজনদের কাছে এখন প্রবাসীসহ অনেকের ফোন আসছে। কেউ অর্থ সাহায্য করতে চান। কেউ নিতে চান হযরতের সন্তানদের পড়াশোনার দায়িত্ব। এ জন্য হযরতের স্ত্রী সালমা সুলতানার কৃতজ্ঞতার শেষ নেই। তবে আক্ষেপ করে তিনি বলেন, হযরত ছিনতাইকারীর গুলিতে আহত হওয়ার পর যদি স্থানীয় মানুষ উদ্যোগী হয়ে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিত, তাহলে হয়তো কারও সাহায্য নেওয়ার দরকারই পড়ত না। সম্প্রতি রাইনখোলার বাসায় এই প্রতিবেদককে সালমা সুলতানা বলেন, স্বামীর গুলি খাওয়ার খবর শুনে তিনি দৌড়ে ঘটনাস্থলে যান। ততক্ষণে মিনিট পনেরো চলে গেছে। গিয়ে দেখেন, হযরত চিত হয়ে পড়ে আছেন। বুক থেকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। সালমা বলেন, ‘তার চোখগুলান তহনও খোলা। আমারে দেখতাছে। কেউ তারে ধরতে আসে না। পরে আমাগের পাশের বাড়ির একটা ছেলেরে পাইলাম। সে আর আমি মিলে ধইরে তারে প্রথমে রিকশায়, পরে একটা ট্যাক্সিতে কইরে হাসপাতালে নিলাম।’কথা বলতে বলতে কান্নায় গলা বুজে এল সালমার। কিছুটা ধাতস্থ হয়ে বললেন, ‘ভাই, সময়মতো যদি হাসপাতালে নিতি পারতাম, তাইলে অন্তত নিজেরে সান্ত্বনা দিতি পারতাম। বাচ্চাদের বলতি পারতাম।’সালমা-হযরত দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে ছেলে তানভীর হাসান বড়। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। সে একটু বুঝলেও নার্সারিতে পড়া মেয়ে সিনথিয়া আঞ্জুম কিছুই বোঝে না। সে প্রতিদিন সন্ধ্যায় বাবাকে নিয়ে আসার বায়না ধরে। গতকাল হযরতের বাসায় গিয়ে পাওয়া যায় ছোট সিনথিয়াকে। তানভীর স্কুলে গেছে। সিনথিয়া এই প্রতিবেদককে বলে, ‘আমার কার্টুনের বন্ধুদের বলেছি, ওরা বাবাকে এনে দেবে। আর ভাইয়াকে বলেছি, ও বড় হলে একটা অ্যাটম বোমা বানাবে। ওই বোমা দিয়ে বাবাকে যারা মেরেছে, আমরা তাদের মারব।’ অভিমানী গলায় সালমা বলেন, ‘কী দরকার ছিল ছিনতাই আটকাতে যাওয়ার! কেউ বিপদে পড়লে তারে যাতি হবিই। এর জন্য তার জীবনডা গেল। এহন আমি একা এই দুই ছেলেমেয়ে নিয়ি কই যাব, কী করব কিচ্ছু বুঝি না।’ পুলিশের মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ঘটনার পর থেকে পুলিশের তৎপরতা চলছে। জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সালমা সুলতানা হত্যা মামলা করেছেন। সেই মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম নবী বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত শনিবার বরগুনার ছোট গৌরীকন্যা গ্রাম থেকে হেমায়েত হোসেন ওরফে হিমু (৩০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত হিমু ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি। এসআই গোলাম নবী বলেন, হিমু ও উজ্জ্বল দুই ভাই এ ঘটনা ঘটিয়েছেন বলে তাঁদের কাছে তথ্য ছিল। হিমু ধরা পড়লেও উজ্জ্বল একটুর জন্য পালিয়ে গেছেন।