সেদিন ঝরেছে রক্ত, এখন ঝরছে অশ্রু
ঘড়ির কাঁটা তখন সকাল নয়টা ছুঁই-ছুঁই। সাদা কামিজ আর কালো ওড়না পরা এক তরুণী বাবাকে নিয়ে এসেছেন রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কে। মুখে ওড়না চেপে তরুণীটি কাঁদছেন অঝোরে। সঙ্গে থাকা বাবার হাতে একগুচ্ছ রজনীগন্ধা আর লাল গোলাপের তোড়া। তরুণীটি দাঁড়িয়ে কাঁদতেই থাকলেন। বাবা নিঃশব্দে গিয়ে তোড়াটি রাখেন শোকার্ত মানুষের রেখে যাওয়া আরও ফুলের তোড়ার কাছে।
কাছে গেলে বাবা বললেন, ‘আমার মেয়ের তিন বন্ধু—তারিশি, অবিন্তা আর ফারাজ। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। একই ক্লাসে পড়ত। তিনজনই ভদ্র আর বিনয়ী। আমার বাসায় এসেছে শত শতবার। চিন্তা করা যায় না।’ ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন লোকটি।
জঙ্গি হামলা ঘটনার চতুর্থ দিনেও নিহত ব্যক্তিদের স্মরণে ৭৯ নম্বর সড়কের মুখে ফুল দিয়ে আর মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে অনেক মানুষ। কারও বন্ধু, কারও স্বজন প্রাণ হারিয়েছেন সেদিন। অনেকে ছুটে এসেছেন শুধু বিবেকের তাড়নায়।
ধানমন্ডি থেকে এসেছিলেন রুবাইয়াত রবিন। একগুচ্ছ গোলাপের সঙ্গে সাদা কাগজে লেখা তিনটি পঙ্ক্তি, ‘তোমার হঠাৎ চলে যাওয়া কখনোই পূরণ হওয়ার নয়। তুমিই হবে আমাদের সকল আঁধার ভেদ করার শক্তি। তোমার ভালোবাসার স্মৃতি আর চঞ্চল উপস্থিতিই হবে আমাদের এগিয়ে চলার প্রেরণা।’
রুবাইয়াত জানালেন, তাঁর কেউই ওখানে ছিলেন না সেদিন। ঘটনার নির্মমতা আর অমানবিকতায় তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। তাই ছুটে এসেছেন। ছলছল করছিল রুবাইয়াতের চোখ।
শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘অপরাজেয় বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন সংগঠনের ২২ পথশিশুকে নিয়ে। সকাল সাড়ে ১০টার দিকে জাপান দূতাবাসের কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর আসেন ঘটনার দিন নিহত সাত জাপানি নাগরিকের স্বজন। এ ছাড়া ইতালিয়ান দূতাবাসের চার কর্মকর্তা ও ডিবির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাঁরা কেউ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি। ঘটনার পর ৭৯ নম্বর সড়কের প্রবেশপথে গতকালও ছিল পুলিশের ব্যারিকেড। জিজ্ঞাসাবাদ আর তল্লাশি ছাড়া আশপাশের বাড়ির লোকদেরও প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।