সেদিন বেশি দূরে নয় আমেরিকায়ও টাকা পাওয়া যাবে: এরশাদ
প্রধান দুই দলের প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমাদের দুর্নীতিবাজ বলা হতো। আমি দাবি করেছিলাম, পৃথিবীর কোথাও আমার নামে যদি এক ডলার বা এক পাউন্ড পাওয়া যায় রাজনীতি ছেড়ে দেব। অনেকে আমার সম্পদ খুঁজে ব্যর্থ হয়েছিল। অথচ এখন সিঙ্গাপুরে টাকা পাওয়া যায়। আমেরিকায়ও টাকা পাওয়া যাবে। সেদিন বেশি দূরে নয়।’
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে এরশাদ এসব কথা বলেন। তিনি দাবি করেন, তাঁর সরকার চলে যাওয়ার পর দেশে দুর্নীতির জোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
ক্ষমতাসীন মহাজোটের শরিক এরশাদ বলেন, জাতীয় পার্টি ছাড়া উপায় নেই। তাঁর দল নির্বাচন করলে নির্বাচন হবে, না করলে নির্বাচন হবে না। তিনি প্রশ্ন তোলেন, ‘নির্বাচন না হলে কী হবে? সংঘাত, মারামারি, পুলিশের গুলি হবে। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারবে না। কলকারখানা বন্ধ হয়ে যাবে। আমরা তা চাই না।’
এরশাদ বলেন, ‘আমরা যখন ক্ষমতা হস্তান্তর করেছিলাম তখন এমন অবস্থা ছিল না। গণতন্ত্রের মূল কথা হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আজ সে পথ রুদ্ধ। অথচ তারা গণতন্ত্রের কথা বলে।’ তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, অনেক অন্যায় করেছেন, অনেক নিরীহ মানুষকে হত্যা করেছেন। শাহবাগ সৃষ্টি করে দেশকে দুই ভাগে বিভক্ত করেছেন। এখনো সময় আছে আলোচনা করে সমস্যার সমাধান করুন, মানুষের মনে শান্তি দিন। নইলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।
সমাবেশে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, জি এম কাদের, জিয়াউদ্দিন আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ফিতা কেটে নিজস্ব ভবনে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন এরশাদ।