সেন সুমন সাত দিনের রিমান্ডে

মাগুরায় মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক প্রথম আলোকে বলেন, আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে সেন সুমনকে মাগুরা সদর সহকারী জজ আদালতে হাজির করে তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। প্রায় দুই ঘণ্টা রিমান্ড শুনানি শেষে আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারাহ্ মামুন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেন সুমনকে আগামী দশদিনের মধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত রোববার ২ আগস্ট রাজধানীর কল্যাণপুরে এক বন্ধুর বাসা থেকে সেন সুমনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর ৩ আগস্ট রাতে তাঁকে মাগুরা আনা হয়। ৪ আগস্ট তাঁকে আদালতে হাজির করে তাঁর দশদিনের রিমান্ড চায় পুলিশ। আদালত আজ রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।