সেনপাড়া পর্বতায় ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানার সেনপাড়া পর্বতায় ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি সূত্র জানায়, ৫ সেপ্টেম্বর গভীর রাতে ডাকাতেরা গ্রিল কেটে সেনপাড়া পর্বতায় জাফরউল্লাহ চৌধুরীর বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর ভাতিজা-শ্যালককে কুপিয়ে টাকা, অলংকার ও ক্যামেরা লুট করে। এ সময় আবু সাঈদ নামের এক ডাকাত ধরা পড়েন। তাঁর তথ্যের ভিত্তিতে ডিবি ১৭ সেপ্টেম্বর সাঈদের সহযোগী আদিল ইসলাম (২৩), মো. মামুন (২২), মিলন হোসেন (২৮) ও মো. শুভকে (৩০) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রুবেল হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি পিস্তল, ডাকাতি করা মার্কিন ডলার, ২০ হাজার টাকা ও একটি ভিডিও ক্যামেরা উদ্ধার করা হয়।মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান গতকাল শুক্রবার বলেন, জিজ্ঞাসাবাদে ডাকাতেরা জানান, তাঁরা ডাকাতি করা স্বর্ণালংকার পুরান ঢাকার তাঁতীবাজারে শুভর সোনার দোকানে বিক্রি করেছেন। এরপর ডিবি শুভকে গ্রেপ্তার করে। শুভ জিজ্ঞাসাবাদে জানান, ডাকাতদের কাছ থেকে সোনা কিনে তিনি গলিয়ে ফেলেন। ওই গলানো সোনা জব্দ করা হয়।