সেনপাড়া পর্বতায় পানির তীব্র সংকট
মিরপুরের সেনপাড়া পর্বতা ও শেওড়াপাড়ার কিছু অংশে পানির তীব্র সংকট চলছে। এই সংকট কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার কিছু বাড়িতে পানি আসছেই না। ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, যাঁরা ওয়াসার অসাধু লোকজনের সঙ্গে যোগ দিয়ে অবৈধ ও বাড়তি সংযোগ নিতে পারছেন, তাঁদের বাড়িতে পানি আসছে।
গতকাল রোববার এলাকায় গিয়ে এই সমস্যার কথা জানা যায়। সেনপাড়া ও শেওড়াপাড়ার আনন্দবাজার, বেলতলা এলাকায় উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুঁড়ি করে মাটির নিচে ওয়াসার পাইপ লাইন কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কয়েকজন। এ জন্য কিছু বাড়ির পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পুনরায় সংযোগ নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বাড়ির মালিকেরা।
অন্যদিকে ওয়াসার কতিপয় লোকের সাহায্যে কোনো কোনো বাড়িওয়ালা, এমনকি প্রভাবশালী ভাড়াটেরাও একই হোল্ডিং নম্বরে একাধিক অবৈধ সংযোগ নিচ্ছেন—এমন অভিযোগ করেন শেওড়াপাড়ার একজন বাড়িওয়ালা। নাম প্রকাশ না করার শর্তে এই বাড়িওয়ালা বলেন, অতিরিক্ত অবৈধ এসব সংযোগে কোনো মিটার নেই। পানির সমস্যার কথা জানানোর পর তাঁর কাছে ওয়াসার কর্মী পরিচয়ে তিনজন লোক এসে প্রস্তাব করেছিলেন এ ধরনের আলাদা সংযোগ নিতে। কিন্তু নীতিগত কারণে তিনি তা নেননি। পরিণামে তাঁর বাসায় গতকালও পানি ছিল না। বিষয়টি নিয়ে তিনি এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে আলাপ করেছেন। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, ওয়াসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি অবহিত করবেন।
এদিকে সেনপাড়া পর্বতা এলাকার কর্ণফুলী গলিতেও পানির সমস্যা চলছে বলে জানিয়েছেন বাসিন্দারা। তাঁরা বলেছেন, পানির গাড়ির জন্য আবেদন জানালে পেতে দু-তিন দিন সময় লাগে।
সেনপাড়া পর্বতাসহ এলাকার কিছু বাসিন্দা অভিযোগ করেন, কারও কারও বাড়িতে ওয়াসার পানির গাড়ি আসতে দেখা যায়। গাড়ির লোকদের কাছে সহজে পানি পাওয়ার উপায় জানতে চাইলে তাঁরা গাড়িপ্রতি পানির দাম চান এক-দেড় হাজার টাকা। অথচ বড় গাড়ির গায়ে পানির দাম লেখা আছে ৫০০ টাকা। তাঁরা বলেন, পানির এমন অবস্থা চলতে থাকলে যেকোনো সময় বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসতে পারে। অতীতে এমন ঘটনা ঘটেছে।
গত এপ্রিলে সেনপাড়া-পর্বতার বাসিন্দারা মিরপুর ১০ নম্বরে আল হেলাল হাসপাতালের সামনে পানির দাবিতে বিক্ষোভ করেন।